পিপিআর সংশোধনে ক্ষমতাসীন ক্যাডারদের উৎপাত বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সম্পত্তি কেনা ও উন্নয়নকাজের দরপত্র আহ্বানের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালায় সংশোধনী আনায় ক্ষমতাসীন দলের ক্যাডারদের উৎপাত ও উৎসাহ বহুগুণে বেড়ে গেছে। ২০১১ সালে পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন বা পিপিআরে সংশোধনী এনে দুই কোটি টাকা পর্যন্ত কাজের ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়। আর এতে ক্যাডারদের উৎপাত ও দুর্নীতির বিস্তারের মতো ‘হিতে বিপরীত’ হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, পিপিআর প্রণীত হয় ২০০৬ সালে। পরে ২০০৮ সালে একে নীতিমালা হিসেবে প্রবর্তন করা হয়। ওই নীতিমালায় অভিজ্ঞ ও সচ্ছল ঠিকাদারদের দরপত্রে অংশ নেওয়ার সুযোগ ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সালের ২৭ মার্চ পিপিআরে সংশোধনী আনা হয়।সংশোধনীর ফলে দুই কোটি টাকা পর্যন্ত কাজে ঠিকাদারদের কোনো বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এ সুযোগটিই নিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা। গত দুই অর্থবছরে রেলওয়ের দরপত্র তারাই নিয়ন্ত্রণ করে আসছে বলে অভিযোগ রয়েছে। ২০১১-১২ অর্থবছরে রেলওয়ে পূর্বাঞ্চলের রাজস্ব খাতে ৭৩ কোটি টাকার পূর্তকাজ হয়। বিদায়ী অর্থবছরেও প্রায় একই অঙ্কের কাজ হয়।রেলওয়ে সূত্র জানায়, পূর্বাঞ্চলীয় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের বাসাবাড়ি ও কার্যালয়, স্টেশন ভবন, লেভেল ক্রসিং গেট, সেতু-কালভার্ট, ফুটওভারব্রিজ, প্ল্যাটফর্ম ছাউনি এবং রেললাইনের মেরামত বাবদ ওই অর্থ ব্যয় করা হয়েছে। একেকটি কাজের আকার ছিল দেড়-দুই লাখ থেকে এক-দেড় কোটি টাকা। এসব কাজের পরিধি তুলনামূলকভাবে ছোট থাকায় দরপত্রে ক্ষমতাসীন দলের ক্যাডারদের অংশগ্রহণও ছিল বেশি। ছোট কাজে অল্প বিনিয়োগ ও এতে বেশি লাভ হওয়া এবং সেই সঙ্গে অভিজ্ঞতার শর্ত শিথিলে তারা দরপত্র নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ছিল মরিয়া। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রামে রেলওয়ের দরপত্র জমা দেওয়া নিয়ে চারবার অস্ত্রের মহড়া দিয়েছে ক্যাডাররা। তারা অস্ত্রের ভয় দেখিয়ে প্রকৃত ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দিয়েছে। রেলওয়ের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইন্টারলেসের মালিক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের সিআরবির সাত রাস্তার মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার এক সপ্তাহ আগেও দরপত্র জমা দেওয়া নিয়ে অস্ত্রের মহড়া হয়েছে। ক্যাডারদের ভয়ে আমিসহ অনেক ঠিকাদার দরপত্রে অংশ নিতে পারেননি।’নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন ঠিকাদার বলেন, ‘২০১১ সাল থেকে যুবলীগ-ছাত্রলীগের ক্যাডারদের জন্য আমরা রেলওয়ে ভবনের ধারেকাছেও ঘেঁষতে পারছি না। অভিজ্ঞতা শিথিল করার কারণে ক্যাডারদের উৎপাত আরও বেড়ে গেছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক রেলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘দুই কোটি টাকা পর্যন্ত দরপত্র আহ্বানের ক্ষেত্রে শর্ত শিথিল করায় দলীয় ক্যাডার ও কিছু প্রকৌশলী লাভবান হচ্ছে। রেলের উন্নয়নকাজে দুর্নীতির বিস্তার ঘটছে। এ ছাড়া ছোট কাজের জন্য অনেক সময় পত্রিকায় দরপত্রের বিজ্ঞাপন দেওয়া হয় না। পছন্দের লোককে কাজ পাইয়ে দিয়ে প্রকৌশলীরা ২০-২৫ শতাংশ কমিশন হাতিয়ে নেয়। ঠিকাদারেরা মূল দরের কেবল ৩০-৩৫ শতাংশ কাজ করে বাকি টাকা নিজেদের পকেটে ভরে।’ অভিযোগ নিয়ে পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন বলেন, ‘ঠিকাদারি আগে বড় ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে ছিল। ক্ষুদ্র ঠিকাদারদের স্বার্থ বিবেচনায় বর্তমান সরকার পিপিআর নীতিমালায় সংশোধনী আনে। কিন্তু ছাত্র বা যুবনেতারা এর সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এ জন্য আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করব। দরপত্র জমা দেওয়ার সময় তারা সক্রিয় থাকলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব।’ চট্টগ্রাম নগরের পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘২৪ জুন দরপত্র জমা দেওয়ার দিন পুলিশ সিআরবি ভবনে ছিল। ওই জায়গায় তো কিছু হয়নি। ঠিকাদারেরা দরপত্রে অংশ নিতে পেরেছে। কিন্তু সিআরবি ভবন এলাকার বাইরে ওরা নিজেদের মধ্যে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষই গুলিবর্ষণ করে। আমরা প্রকৃত আসামিদের তাৎক্ষণিকভাবে ধরেছি।’ প্রসঙ্গত, ওই দিন রেলওয়ে পূর্বাঞ্চলের ৯৬ লাখ টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে চট্টগ্রামের সিআরবির সাত রাস্তার মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে পড়ে আট বছরের শিশু আরমান ও যুবলীগের নেতা সাজু পালিত নিহত হন।