সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) খাতে আগামী অর্থবছরের জন্য আবার তিন হাজার কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার বেলা তিনটা ২৮ মিনিটে জাতীয় সংসদে মহাজোট সরকারের চতুর্থ বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় অর্থমন্ত্রী পিপিপি বিষয়ে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করেন। এর আগে দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়।পিপিপি বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি-বেসরকারি অংশীদারি খাত (পিপিপি) আশানুরূপ না হলেও উল্লেখযোগ্য সংখ্যক পিপিপি প্রকল্প অনুমোদিত হয়েছে। আমি আশাবাদী, শিগগির এই প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু করা যাবে। পিপিপি চুক্তির দীর্ঘমেয়াদি বৈশিষ্ট্যের কারণে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের কাজ চলছে। পিপিপি প্রকল্পের নীতি, কৌশল, বাছাই ও অনুমোদনের জন্য আইনের একটি খসড়াও হয়েছে।’ অর্থমন্ত্রী আরও বলেন, পিপিপি বিষয়ে চলতি মাসের মধ্যে অর্থ বিভাগে স্থাপিত পিপিপি ইউনিট একটি ম্যানুয়েল উপহার দেবে।মহাজোট সরকারের প্রথম অর্থবছরে (২০০৯-১০) পিপিপি বাবদ আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এরপর থেকে প্রতি অর্থবছরে এ খাতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে, কিন্তু কোনো অর্থবছরেই এ টাকা খরচ হয়নি।