সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘সেতু নির্মাণে বিভিন্ন দেশ বা প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হবে। কোনো দেশ আগ্রহ দেখালে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হবে। অথবা কোনো প্রতিষ্ঠান এলে তারাই সেতু নির্মাণ করবে এবং চুক্তি অনুযায়ী অর্থ তুলে নেবে। এ জন্য ১০, ২০ বছর লাগুক, অসুবিধা নেই। পদ্মা সেতু হবেই।’গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মিয়ানমার ও ইন্দোনেশিয়া সফর শেষ করে দেশে ফিরে প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলন করেন। তিনি দুই দেশ সফরে অর্জিত সাফল্য বর্ণনা ছাড়াও দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।পিপিপির আওতায় বড় প্রকল্পগুলো বাস্তবায়নের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক টাকা দিলে তা অন্য খাতে খরচ করা হবে। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, ‘বিশ্বব্যাংক টাকা ছাড় দিয়েছে? যেখানে টাকাই ছাড় দেওয়া হয়নি, সেখানে দুর্নীতি হলো কীভাবে? এখন বিশ্বব্যাংককেই প্রমাণ করতে হবে, কোথায় দুর্নীতি হয়েছে। মন্ত্রীকে (আবুল হোসেন) সরিয়ে তাদের সুবিধা করে দিয়েছি। এখন তারা প্রমাণ করুক।’প্রধানমন্ত্রী দাবি করেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের অভিযোগ অনুমাননির্ভর। দুদক তাদের কাছে তথ্য চেয়েছিল, তারা দিতে পারেনি। তারা ধারণার বশে কথা বলছে। তিনি বলেন, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে বুয়েটের তিনজন সাবেক উপাচার্যসহ একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়। কমিটি পাঁচটি প্রতিষ্ঠানের একটি সংক্ষিপ্ত তালিকা করে আর বিশ্বব্যাংক তা অনুমোদন করে।দুর্নীতির কারণে মন্ত্রী বদলানো হয়নি: অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভায় রদবদল স্বাভাবিক বিষয়। বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ থেকে তা করা হয়নি। মন্ত্রিসভার কারও বিরুদ্ধে কোনো অপরাধ পাইনি। গত তিন বছরে এমন কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি।’ তিনি বলেন, ‘বিশেষ কেউ মন্ত্রী হলে মন্ত্রিসভা শক্তিশালী, আর বিশেষ কেউ না থাকলে শক্তিশালী নয়—এ রকম ধারণা নিয়ে কেউ লেখালেখি করলে তো আমার করার কিছু নেই। বরং এবারের মন্ত্রিসভা ১৯৯৬ সালের চেয়ে অভিজ্ঞ। তখন একমাত্র আবদুস সামাদ আজাদের মন্ত্রিত্বের অভিজ্ঞতা ছিল। বাকি সবাই প্রথমবারের মতো মন্ত্রী ছিলেন। এবার মন্ত্রিসভার অনেকেই দ্বিতীয়বারের মতো মন্ত্রী হয়েছেন।’সরকারকে দক্ষ ও সফল দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকেই মন্ত্রিসভাকে ব্যর্থ বলছেন। মন্ত্রিসভার ৯৩ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯৩ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে। তাহলে মন্ত্রিসভা ব্যর্থ কীভাবে? অথচ বিএনপি সরকার ৭০, ৭৩, ৭৪, ৮০ শতাংশের বেশি এডিপি বাস্তবায়ন করতে পারেনি।’ তিনি বলেন, ‘কাজ না হলে ৯৩ শতাংশ বাস্তবায়িত হয় কীভাবে? ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয় কীভাবে? বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ। জনশক্তি রপ্তানিতে ১০ শতাংশ প্রবৃদ্ধি বেড়েছে।’ তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, অন্য দেশগুলোর তুলনায় দেশ এগিয়েছে কি না, দেশে কাজ হচ্ছে কি না, সেটা দেখতে হবে। সরকার সমস্ত শক্তি ব্যয় করছে মানুষের উন্নয়নের জন্য। প্রকল্প বাস্তবায়নে দক্ষতায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) স্বর্ণপদক পেয়েছে। তবে যাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, জনসমর্থন নেই, ভোট চাওয়ার ক্ষমতা নেই, অথচ ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে—হা-হুতাশ কেবল তাদেরই বেশি।নজরদারিতে টিপাইমুখ: এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হলে দেশের ক্ষতি হবে কি না, তা নজরদারিতে আছে, থাকবে। যখন যা প্রয়োজন, তা-ই করা হচ্ছে। তিনি বলেন, ‘ভারত জরিপ শুরু করলে আমাদের প্রতিনিধি থাকতে হবে অথবা তথ্য সরবরাহ করতে হবে। আমরা ক্ষমতায় থাকলে এই প্রক্রিয়া অনুসরণ করবই।’শেখ হাসিনা অভিযোগ করেন, ‘টিপাইমুখ নিয়ে বিরোধী দল সস্তা রাজনীতি করছে। প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া ১৯৯২ ও ২০০৬ সালে দিল্লি গেলেও টিপাইমুখ নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু আমাদের বেলায় তা ঘটেনি। দিল্লি গিয়ে আমরা দেশের স্বার্থের কথা বলেছি, ভুলিনি।’ তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় দেশের স্বার্থ রক্ষা করে, ভোলে না। বরং বিরোধীদলীয় নেত্রী সরকারে থাকলে দেশের কথা বলতে ভুলে যান। বিরোধী দলে গেলে সব মনে পড়ে।কে জিতল বা হারল তা বড় কথা নয়: সরকারি দলের প্রার্থীর পরাজয় ঠেকাতেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ভাগ করা হয়েছে—বিরোধী দলের এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন তো আরও সুবিধা হলো। তারা দুটোতে নির্বাচন করে জিতে যাক। আমরা তো নির্বাচনে হস্তক্ষেপ করি না। জনগণ শান্তিতে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই আমি খুশি। কে জিতল বা হারল, তা আমার দেখার বিষয় নয়।’ তিনি বলেন, জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই ডিসিসি ভাগ করা হয়েছে। তিনি বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আট ভাগে বিভক্ত। ১৯ জেলাকে ৬৪ জেলায় উন্নীত করা হয়েছে কেবল জনগণের সুবিধা বাড়াতেই। ঢাকার আটটি সংসদীয় আসনকে ১৫টিতে উন্নীত করায় এখন কি ঢাকা ভাগ হয়ে গেল?’এলডিপির সাংসদ অলি আহমদ নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় তাঁকে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি থেকে সরানো হবে কি না, জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে স্পিকারের সঙ্গে কথা বলব। দেখি কী ব্যবস্থা নেওয়া যায়।’যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ হোন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মতো যুদ্ধাপরাধীদের বিচারেও ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে বলছে। ট্রাইব্যুনাল বন্ধ করতে বলছে। দেশবাসীকে এখন উপলব্ধি করতে হবে, এরা কী, এরা কারা। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তবে যারা এসব কথা বলছে, জনগণই তাদের বিচার করবে।এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২৮ হাজার শরণার্থী ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দলের সাংগঠনিক বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। এরই মধ্যে বিভিন্ন জেলায় জনসভা করা শুরু করেছি। অন্যান্য জেলায়ও করব।’