পিপিপির প্রার্থী এবার রাজা পারভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি দেশটির প্রধানমন্ত্রী পদে এবার প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী রাজা পারভেজ আশরাফের নাম ঘোষণা করেছে। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতা সৈয়দ খুরশিদ শাহ এ নাম ঘোষণা করেন।বিবিসি ও ডন অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্যপদে থাকার অযোগ্য ঘোষণা করেন। এর পর থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদটি শূন্য হয়ে পড়ে।গিলানি অযোগ্য হওয়ার পর পিপিপি প্রধানমন্ত্রী পদের জন্য দলটির নেতা মখদুম শাহাবুদ্দিনকে মনোনয়ন দেয়। শাহাবুদ্দিন মন্ত্রিসভায় বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।কিন্তু পাকিস্তানের একটি আদালত গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী মখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে অবৈধ মাদক আমদানির অভিযোগে মখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবরে বলা হয়।