সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে চাইছে সরকার। আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এ কথা জানান।জি এম কাদের বলেন, পিপিপির আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। স্থান নির্বাচনের পর এ প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হবে। বর্তমানে এ প্রকল্পের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে জাতীয় বাজেট থেকে ১৫ কোটি টাকা দেওয়া হয়েছে।আসবে তিন লাখ পর্যটক: সরকারি দলের সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, ‘চলতি ২০১১-১২ অর্থবছরে তিন লাখের বেশি বিদেশি পর্যটক আসবে বলে ধারণা করা হচ্ছে।’ মন্ত্রী জানান, গত অর্থবছরে দুই লাখ ৪৪ হাজার ১৬ জন পর্যটক এসেছিলেন।