পিপিপির ‘নতুন দিগন্ত’ এখনো উন্মোচিত হয়নি
দায়িত্ব নেওয়ার পর প্রথম বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘নতুন দিগন্ত’ উন্মোচনের কথা বলেছিলেন। এর অংশ হিসেবে অনেক ঢাকঢোল পিটিয়ে অবকাঠামো খাতের উন্নয়নে ঘোষণা দেওয়া হয়েছিল নতুন একটি ধারণার। আর সেটি হলো, সরকারি-বেসরকারি অংশীদারি বা পিপিপি। তারপর আরও দুই অর্থবছর চলে গেলেও পিপিপি এখনো অনেকটাই কাগজে-কলমে। অথচ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২০১৩ সালে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উন্নীত করার কৌশল হিসেবে অবকাঠামো খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। পর পর তিন বছরের ব্যর্থতার পর চতুর্থবারের মতো আবারও পিপিপির মাধ্যমেই অবকাঠামো উন্নয়নের কথা বলবেন অর্থমন্ত্রী। আর বরাবরের মতো আবারও কালোটাকার মালিকদের আহ্বান জানানো হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট করের বিনিময়ে কালোটাকার মালিকেরা অবকাঠামো খাতে বিনিয়োগ করে যাতে তাঁদের টাকা সাদা করতে পারেন, সেই সুযোগ রাখা হচ্ছে আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটেও। চলতি ২০১১-১২ অর্থবছরেও অবশ্য একই সুযোগ রাখা হয়েছিল। কিন্তু কোনো সাড়া মেলেনি এতে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পিপিপি বাবদ আগামী অর্থবছরের বাজেটেও তিন হাজার কোটি বরাদ্দ রাখা হতে পারে। ঘোষণা থাকতে পারে, অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করলে ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত বিনিয়োগ করা অর্থের উৎস নিয়ে প্রশ্ন করা হবে না। পিপিপি খাতে ২০০৯-১০ অর্থবছরের বাজেটে প্রথম আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও ওই বছর কোনো টাকা খরচ হয়নি। তখন পিপিপির জন্য আলাদা একটি অবস্থানপত্র উপস্থাপন করে অর্থমন্ত্রী এর নাম দিয়েছিলেন ‘নব উদ্যোগ বিনিয়োগ প্রয়াস’। কোনো কাজে আসেনি এই প্রয়াস। দ্বিতীয়বার ২০১০-১১ অর্থবছর এবং তৃতীয়বার চলতি অর্থবছরেও পিপিপি বাবদ তিনি একদমই আকৃষ্ট করতে পারেননি বেসরকারি খাতকে। এ জন্য অবশ্য সরকারের নিজেরই প্রস্তুতির অভাব ছিল বলে অর্থ বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা স্বীকার করছেন।তিন ভাগে তিন হাজার কোটি টাকা: পিপিপি বাবদ আগামী অর্থবছরের জন্য যে তিন হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হতে পারে, তার মধ্যে দুই হাজার ৫০০ কোটি টাকাই থাকবে বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিলের (বিআইএফএফ) জন্য। ৪০০ কোটি টাকা থাকবে বাণিজ্যিকভাবে আপাতত অলাভজনক কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ও জনসেবার জন্য গুরুত্বপূর্ণ পিপিপি প্রকল্পগুলোতে ‘ভায়াবিলিটি গ্যাপ ফাইন্যান্সিং-ভিজিএফ’ হিসেবে। আর ১০০ কোটি টাকা বরাদ্দ থাকবে পিপিপি প্রকল্পের কারিগরি সহায়তার জন্য। যেসব প্রকল্প থেকে এই মুহূর্তে ততটা মুনাফা পাওয়া যাবে না, অথচ প্রকল্পগুলো জনগুরুত্বপূর্ণ, সেগুলোতে ভর্তুকির মতো দেওয়া হবে এই ভিজিএফ থেকে।বিআইএফএফএল কী করছে: চলতি অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘২০১১-১২ অর্থবছর থেকেই বিআইএফএফএল বিনিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে।’ কিন্তু বাস্তবে তা হয়নি। সরকারের আশা, এ কোম্পানিতে বিভিন্ন দেশের অনুদান পাওয়া যাবে এবং দিনে দিনে এর আকার বিশাল হবে। এ ছাড়া দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানও যৌথভাবে বিনিয়োগ করবে। অর্থায়নে অংশগ্রহণ থাকবে আন্তর্জাতিক উন্নয়ন-সহযোগীদেরও। কোম্পানির অর্থ ব্যয় হবে শুধুই অবকাঠামো নির্মাণে এবং অবশ্যই তা পিপিপির মাধ্যমে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের পিপিপি দরকার হলো মূলত বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক খাতে। কিন্তু বিদ্যুতে বিনিয়োগ করতে গেলে গ্যাসের নিশ্চয়তা দরকার। আবার সড়ক খাতে বিনিয়োগ করতে গেলে দরকার জমি অধিগ্রহণ। এই ত্রিমুখী জটিলতায় ভালো বিনিয়োগকারীরা এতে আকৃষ্ট হন না।’ সরকারের নীতি ঠিক না থাকা এবং রাজনৈতিক অস্থিতিশীলতাও বেসরকারি খাতকে আকৃষ্ট করতে না পারার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।