পিয়ংইয়ংকে আলোচনায় বসার আহ্বান সিউলের (ভিডিও)
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং-উনকে।প্রেসিডেন্ট লি বলেন, ‘উত্তর কোরিয়া সদিচ্ছা নিয়ে এগিয়ে এলে আমরা কোরীয় উপদ্বীপে নতুন একটি যুগের সূচনা করতে পারব। আলোচনার মাধ্যমে আমরা পারস্পরিক অবিশ্বাস দূর করে সামনের দিকে এগিয়ে যেতে পারব। এটি আমাদের পরস্পরের অস্তিত্ব রক্ষা ও সমৃদ্ধির জন্য সহায়ক হবে।’লি আরও বলেন, তাঁর সরকার উত্তর কোরিয়ার ভঙ্গুর অর্থনীতিকে চাঙা করতে সহায়তা দিতে প্রস্তুত আছে। তবে পিয়ংইয়ংকে তাদের পরমাণু কার্যক্রম বন্ধ করতে হবে এবং যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়াকে নিয়ে আবার ছয় জাতি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করতে হবে।লি বলেন, ‘উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি দ্রুত প্রত্যাহার করে নিলে ছয় জাতি আলোচনা আবার শুরু করা সম্ভব হবে। আমরা আশা করছি, এই আলোচনা উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যা নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এর মাধ্যমে এ বছরেই একটি সমাধানে পৌঁছা সম্ভব।’প্রয়াত নেতা কিম জং-ইল কঠোর হাতে দেশটি শাসন করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, দেশটির নতুন নেতা ২৭ বয়সী কিম জং-উন এখনো পরিপক্ব নন। তাঁর কোনো ধরনের নাটকীয় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই।১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরিয়া যুদ্ধ কোনো ধরনের শান্তিচুক্তি ছাড়াই শেষ হয়। সেই থেকে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এখনো স্নায়ুযুদ্ধ চলছে।