পিরব-কালিতলা সড়ক বেহাল
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব-কালিতলা সড়কটির অবস্থা অত্যন্ত করুণ। বশেষ করে লাউঘাটা গ্রামের কাছে সড়কটির অবস্থা একেবারেই বেহাল। এখন যে কেউ ওই অংশটুকু দেখলে ধারনাও করতে পারবে না, এটি একটি পাকা সড়ক। সেখানে পিচ বলতে কোনো বস্তুর চিহ্ন পর্যন্ত নেই। এ সড়ক দিয়ে বর্তমানে যানবাহন ও এলাকার মানুষজনকে চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।গত ১০ নভেম্বর সড়কটির ওই অংশে গিয়ে দেখা যায়, প্রায় আধাকিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটি খানাখন্দ ও গর্তে ভরে গেছে। অনেক জায়গায় কার্পেটিং, ইট-পাথর ও সুরকি উঠে সড়কের চিহ্ন পর্যন্ত নেই। যানবাহন চলাচলের সময় নৌকার মতো হেলেদুলে কাত হয়ে উল্টে পড়ার উপক্রম হয়। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে কাদার সৃষ্টি হয়। এলাকাবাসী দুর্ভোগের বিষয়টি জানিয়ে বিভিন্ন জায়গায় ধরনা দিলেও সমস্যা থেকে বের হতে পারছে না।এলাকাবাসী জানান, পাঁচ-ছয় বছর আগে এ সড়কটি নির্মাণ করা হয়। নির্মাণের সময়ই ঠিকাদার অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও পিচ উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সড়কের পাশের অংশ ভেঙে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রতিবছর বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হলেও এ সমস্যার স্থায়ী কোনো সমাধান হচ্ছে না।এলাকার শিক্ষক মোস্তাফিজার রহমান (৫০) জানান, সড়কটি পাকা করার কাজ শেষ হওয়ায় এলাকাবাসীর মনে যে স্বস্তির ভাব এসেছিল, তা এক বছর যেতে না যেতেই ফিকে হয়ে যায়। তখন থেকেই সড়কের পিচ উঠতে থাকে। এলাকাবাসী সড়কটি নির্মাণের সময় এর কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ করেছিল। কিন্তু তাদের কথা কেউ কানে তোলেনি। যে কারণে বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খানাখন্দগুলো বড় হতে শুরু হয়।লাউঘাটা গ্রামের আজিজার রহমান (৪৫) বলেন, ‘কষ্টের কতা কয়্যা কী হবি। আস্তা বানাবার সমেয়ই হামরা পুতিবাদ করিচি। কিন্তু কেউ শুনেনি হামাকেরে কতা। আসলে গরিবকেরে কতা কেউ শুনব্যার চায় না। এখন এই আজাব লিয়া হামাকেরোক থাকা লাগিচ্চে।’একই গ্রামের কৃষক আবদুল হান্নান (৪০) বলেন, ‘এই আস্তাডা ভালোই চালু হচে। টেরাক, ইশকা-ভ্যান চলিচ্ছিল। টেম্পুও চলিচ্ছিল। কিন্তুক আস্তাডা ইংকা ধস্যা পড়ায় হামাকেরে যাওয়া-আসার সমেস্যা হচ্চে। কত ট্যাকাই তো কী হয়্যা যাচ্চে শুনি। মিচ্চিএনা এই আস্তাডা ভালো করতে কত ট্যাকা আর লাগবি। কিন্তু কেউ ফিরাও দেকিচ্চেনা এদিকিন।’মুরইল গ্রামের আজাদ রহমান (৩৫) জানান, বর্ষা মৌসুমে সড়কের ওপর পানি জমে যায়। মূলত পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় সড়কটির অবস্থা অতি দ্রুত বেহাল হয়ে পড়েছে। এখন সড়কটির অবস্থা এতটাই করুণ যে যানবাহন চলে লাফিয়ে লাফিয়ে। ফলে বড় কষ্টে আছে এলাকাবাসী। এ সড়কটি সামান্য সংস্কার করলে চরম দুর্ভোগ থেকে রেহাই পেতে পারে অনেক মানুষ। যাত্রীদের চলাচলেও বিড়ম্বনা থাকে না।ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘সড়কটি সংস্কার করার জন্য স্থানীয় চেয়ারম্যানসহ বিভিন্ন জায়গায় ধরনা দিয়েছে মানুষ। কিন্তু কে শোনে আর কার কথা। অচিরেই কাজ শুরু হবে— এমন সান্ত্বনার বাণী শুনিয়ে আমাদের বিদায় করা হয়।’ এ ব্যাপারে এলাকার চেয়ারম্যান (পিরব ইউনিয়ন) মজিবর রহমান বলেন, ‘আসলেই এ এলাকার মানুষ সড়কটির বর্তমান অবস্থার কারণে চরম দুর্ভোগে আছে। তবে তাদের আর বেশি দিন কষ্ট করতে হবে না। অচিরেই এ সড়কটির সংস্কারকাজ শুরু হবে।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, সড়কটি সংস্কার করতে দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করা যায়, ঈদের পরই সড়কটির সংস্কারকাজ শুরু হবে।