পিরোজপুর জেলা তথ্য কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা এম এ খালেক হাওলাদারের বিরুদ্ধে জাতীয় শোক দিবসের সরকারি কর্মসূচি পালন ও সরকারের দিনবদলের সনদ বাস্তবায়নে সচেতনতা প্রচারমূলক অনুষ্ঠান যেনতেনভাবে পালনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা যুবলীগের সমর্থক হায়দার আলী গত ১৭ নভেম্বর গণ-যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগপত্র দিলে ওই দপ্তরের পরিচালক (কারিগরি) পিরোজপুর এসে গত ৩০ ডিসেম্বর তদন্ত করে গেছেন। হায়দার আলীর অভিযোগ থেকে জানা গেছে, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য গণ-যোগাযোগ অধিদপ্তরের নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা করার কথা থাকলেও তা করা হয়নি। শোক র্যালির নির্দেশনা থাকলেও তথ্য কর্মকর্তা অফিসের গাড়ির সামনে ব্যানার টানিয়ে ছবি তুলেছেন। এ ছাড়া তিনি (তথ্য কর্মকর্তা) শুধু দায়সারাভাবে একটি মহিলা সমাবেশ করেছেন। ওই সব অনুষ্ঠানের (গুচ্ছ অনুষ্ঠানের) জন্য পাঁচ হাজার ২০০ টাকা বরাদ্দ থাকলেও মহিলা সমাবেশের আয়োজকদের হাতে ৫০০ টাকা ধরিয়ে দিয়ে বলেছেন, ‘কোনো বরাদ্দ নেই, তারপরেও আমার ব্যক্তিগত তহবিল থেকে ৫০০ টাকা দিলাম।’ নাজিরপুরের ৮১ নম্বর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম স্বাক্ষরিত একটি পত্রও ওই অভিযোগপত্রের সঙ্গে হায়দার আলী মহাপরিচালক, গণ-যোগাযোগ অধিদপ্তরের বরাবরে জমা দিয়েছেন। ওই পত্র থেকে জানা যায়, গত ২০ আগস্ট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় তাঁর বিদ্যালয়ে একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মকর্তা এম এ খালেক তাঁকে মহিলা সমাবেশের জন্য ৫০০ টাকা দিয়েছেন বলে ওই পত্রে তিনি বেগম উল্লেখ করেছেন। তথ্য কর্মকর্তা এম এ খালেক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসে শুধু মিলাদ পড়ানোই হয়নি, আমি অফিসে আলোচনা সভাও করেছি।’ এ বিষয়ে পরিচালক (কারিগরি) মাহফুজুর রহমান বলেন, ‘তদন্তে গিয়ে যা পেয়েছি, তার একটি প্রতিবেদন পেশ করব মহাপরিচালক বরাবরে।’