সাঈদীর যুদ্ধাপরাধ
পিরোজপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের বধ্যভূমি পরিদর্শন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা যুদ্ধাপরাধ মামলা তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত দল আজ শনিবার পিরোজপুর শহরে বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করেছেন। তদন্ত দলের সদস্যরা এ সময় বিভিন্ন লোকের সাক্ষ্য নেন। সাঈদী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রয়েছেন। আইসিটির তদন্ত দলের পরিদর্শক শাহজাহান কবির ও হরিদেব নাথ এবং প্রসিকিউটর আলতাফ উদ্দিন ও ওমর খৈয়াম মো. সাইফুল ইসলাম শহরের বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করেন। এ নিয়ে তদন্ত দলের ষষ্ঠবার পিরোজপুরে আসা।২০০৯ সালের অক্টোবরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের মানিক পশারী ও জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহবুবুর রহমান বাদী হয়ে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ সাঈদীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দায়ের করা দুই মামলাতেই সাঈদীকে প্রধান আসামি করা হয়। এর আগে পিরোজপুরে তদন্তে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, মুক্তিযুদ্ধের সময় সাঈদী ও তাঁর সহযোগীরা পিরোজপুরে ৩০ হাজার নারী-পুরুষকে হত্যা করেন। এ ছাড়া তিনি জিয়ানগর উপজেলার পাড়েরহাট এলাকার দেড় শতাধিক হিন্দুকে প্রভাব খাটিয়ে ধর্মান্তরিত করেন।