পিরোজপুরে ইউপি নির্বাচন: প্রার্থীসহ চারজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার সারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নির্বাচনে আজ শনিবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক সদস্য প্রার্থীসহ চারজনকে দুই হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী হাকিম তরফদার সোহেল রহমান প্রথম আলোকে জানান, সদস্য প্রার্থী করিম মৃধা ভোটার স্লিপ বিতরণের সঙ্গে ভোটারদের পান-সুপারি দিচ্ছিল। এ অপরাধে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বুথের বাইরে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল দেওয়ার অপরাধে ভোটার আনসার আলীকে ৫০০ টাকা জরিমানা, অনুমতি ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে জিয়াউল আহসানকে এক হাজার এবং মাওলানা আবদুল বারীকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।প্রসঙ্গত, ১ এপ্রিল পিরোজপুর সদর উপজেলার সারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি নির্বাচন হয়। নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুল করিম মৃধা ও আনসার আলী সমানসংখ্যক ভোট পান। তাই আজ পুনরায় ভোট গ্রহণ হচ্ছে।