পিরোজপুরে কৃষক দলের সভাপতি হত্যা, ৮ আসামি কারাগারে
জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখার সভাপতি গাজী সালাউদ্দিন হত্যা মামলার আট আসামিকে আদালত কারাগারে পাঠিয়েছেন। আজ সোমবার আসামিরা পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চৌধুরী মাহাবুবুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়ে দেন।আসামিরা হলেন পিরোজপুর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন, রিয়াজ সরদার, নাদিম শেখ, পরশ ও পরাগ।আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ তাঁরা পিরোজপুরের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।প্রসঙ্গত, ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের প্রথম কারামুক্তি দিবস উপলক্ষে ছাত্রদল পৃথকভাবে পিরোজপুর শহরে কর্মসূচি পালন করে। এ কর্মসূচি পালনকালে শহরের ক্লাব সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কৃষক দলের সভাপতি গাজী সালাউদ্দিন ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের তত্কালীন সাধারণ সম্পাদক (বর্তমান জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক) ইমদাদুল হক গুরুতর আহত হন। ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর গাজী সালাউদ্দিন মারা যান। এ ঘটনায় নিহত সালাউদ্দিনের ভাই গাজী গিয়াস উদ্দিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন।