পিরোজপুরে চলছে আবাদি জমির মাটি বিক্রি, কমছে উর্বরতা
পিরোজপুরে ফসলি জমির মাটি বেচাকেনার ব্যবসা চলছে। নিচু জায়গা ভরাট, নতুন রাস্তা, ঘরবাড়ি তৈরিসহ বিভিন্ন নির্মাণ কাজের জন্য এ মাটি ব্যবহার হচ্ছে। অভাবী কৃষকেরা এ মাটি বিক্রি করছে। জেলার বিভিন্ন এলাকা ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে, মাঠ থেকে ধান ওঠার পর পরই ফসলি জমির মাটি বিক্রি শুরু হয়। পিরোজপুর শহরের ভাইজোড়া এলাকার ধনাঢ্য চাষি সুলতান মিয়া বলেন, আগে পতিত বা চাষ হয় না এমন জমির মাটি নিচু জায়গা ভরাট, রাস্তা উঁচু বা নির্মাণ কাজে ব্যবহার করা হতো। আবার অনেকে পুকুর কাটার মাটি দিয়ে এসব কাজ করতেন। এখন চাহিদা বেড়ে যাওয়ায় ফসলি জমির মাটি বেচাকেনা হচ্ছে। শহরের বাইপাস এলাকার কৃষক আল আমীন হাওলাদার বলেন, ‘অভাবের কারণে এ বছর এক বিঘা জমির মাটি ২০ হাজার টাকায় বিক্রি করেছি। খেতের ওপর থেকে দুই ফুট গভীর পর্যন্ত মাটি কেটে নিয়েছে। শহরের লোকজন নতুন ঘরের ভিটি করা কিংবা বাড়ির উঠান উঁচু করার জন্য এ মাটি নিয়েছেন।’ কৃষক মুনসুর বলেন, ‘টাকার প্রয়োজনে উপায় না পেয়ে দেড় বিঘা ধানী জমির এক ফুট করে মাটি ১৫ হাজার টাকায় বিক্রি করেছি।’ দীর্ঘদিন ধরে মাটি বেচাকেনার ব্যবসায় জড়িত আ. হালিম জানান, নতুন নতুন ঘরবাড়ি উঠছে। এ ঘরবাড়ি তৈরিতে মানুষ ভিটি করার জন্য মাটি ব্যবহার করছে, এ জন্য প্রচুর মাটির প্রয়োজন হচ্ছে। অর্ধযুগ ধরে এ ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। শহরের আলমকাঠি এলাকার মনিরুজ্জামান বলেন, ‘টাকার প্রয়োজনে দুই বছর আগে আমি এক বার ১৫ কাঠা জমির মাটি বিক্রি করেছি। এখনো সেখানে কোনো ফসল হয় না।’ পিরোজপুর কৃষি সম্প্রসারণ অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা জগত্ প্রিয় দাস বলেন, জমির উর্বরাশক্তি উপরিভাগ থেকে ১৫-২০ ইঞ্চির মধ্যে থাকে। তাই ওপর থেকে মাটি সরিয়ে ফেলায় উর্বরাশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়। দীর্ঘ সময় সেই জমির ওপর বিভিন্ন পদার্থ জমে উর্বরাশক্তি ফিরে আসতে শুরু করে। এভাবে আগের মতো উর্বরাশক্তি ফিরে আসতে ১০-১৫ বছর সময় লাগে। মাটি বিক্রি করে সাময়িক অভাব দূর হলেও ক্ষতি হয় অনেক বেশি। মাটি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিরা নগদ লাভের কথা চিন্তা করে। তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।