পিরোজপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক শাহ নেওয়াজ ওরফে প্রিন্স আজ মঙ্গলবার দুপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সন্ত্রাসীরা তাঁর বাঁ পা ও হাঁটুতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। এ ছাড়া সন্ত্রাসীরা তাঁর বাঁ-হাতের তিনটি আঙুলও কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেছে। আহত অবস্থায় প্রিন্সকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকেরা জানিয়েছেন, প্রিন্সের ওই হাতের আরও একটি আঙুল কেটে ফেলতে হতে পারে।চিকিত্সাধীন প্রিন্স আজ বেলা একটার দিকে জানান, তিনি ব্যক্তিগত কাজে আজ মঙ্গলবার কলেজে যান। কাজ শেষে মোটরসাইকেলে ফেরার পথে সরকারি সোহরাওয়ার্দী কলেজ-সংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের কাজে পৌঁছালে রসুল ও ফাইজুল নামের দুই যুবক তাঁকে কোপাতে থাকে। প্রিন্সের দাবি, হামলাকারী ওই দুই যুবক মাদকসেবী ও বিক্রেতা। বিভিন্ন সময় তাঁদের এ বিষয়ে নিষেধ করায় তাঁরা প্রিন্সের ওপর ক্ষুব্ধ ছিল। প্রিন্স বলেন, ‘সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে সম্প্রতি বাধ্যতামূলক ছাড়পত্র পাওয়া, সদ্য ভেঙে দেওয়া কলেজ ছাত্র সংসদের ভিপি ও জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাহাবুবসহ ছয় ছাত্রের পক্ষে আমি আন্দোলন করছি। এতে ফয়সাল মাহাবুবের প্রতিপক্ষরা (ছাত্রলীগের অপর একটি অংশ) রসুল ও ফাইজুলকে ভাড়া করে এ হামলা চালাতে পারে।’পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক এস দাস বলেন, ‘প্রিন্সের আরও একটি আঙুল কেটে ফেলার প্রয়োজন হতে পারে। উন্নত চিকিত্সার জন্য তাঁকে খুলনায় পাঠানো হয়েছে।’প্রিন্সের বাবা পিরোজপুর কৃষি ব্যাংকের কর্মকর্তা এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, তাঁর ছেলে স্বচ্ছ রাজনীতির সঙ্গে জড়িত। মাদকসেবীদের বিরুদ্ধে ও সদ্য বাধ্যতামূলক ছাড়পত্র পাওয়া ছয় ছাত্রের পক্ষে কথা বলায় আমার ছেলের ওপর এ হামলা।এদিকে পিরোজপুর সদর থানা-পুলিশের উপপরিদর্শক কামরুল জানান, ঘটনা তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।