পিরোজপুরে জেলা বিএনপির সভাপতির ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ও তাঁর সঙ্গে থাকা ছাত্রদলের এক কর্মী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আজ শনিবার সকালে এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। তবে, আওয়ামী লীগ এই অভিযোগ অস্বীকার করেছে। নুরুজ্জামান বাবুল জানান, ঢাকা চলো কর্মসূচি সফল করার জন্য আজ সকালে তিনি কয়েকজন সহকর্মীকে নিয়ে জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তায় বিএনপি আয়োজিত একটি সভায় যোগ দিতে রওনা হন। সকাল সাড়ে নয়টার দিকে তাঁর গাড়ি পিরোজপুর-কাউখালী সড়কের বেকুটিয়া ফেরিতে ওঠার পরে একদল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা করেছে। হামলাকারীরা তাঁর গায়ের জামা-কাপড় ছিঁড়ে ফেলে বলেও জানান তিনি।বাবুলের সঙ্গে থাকা পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ জানান, সন্ত্রাসীরা মারপিট করে গাজী নুরুজ্জামান বাবুল ও তাঁকে জখম করে। এ সময় তাঁদের চিত্কারে ফেরির সাধারণ যাত্রীরা এগিয়ে এসে তাঁদের রক্ষা করে। এদিকে, গাজী নুরুজ্জামান বাবুলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেন শারিকতলা (ফেরি এলাকা) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাবুলের ওপর হামলার বিষয়ে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।