পিরোজপুরে ডাকাত-গ্রামবাসী সংঘর্ষে নিহত ২
পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামে গতকাল রোববার রাতে ডাকাত ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। নিহতের মধ্যে একজন স্থানীয় চৌকিদার।দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝি জানান, গতকাল রাতে গ্রামের ব্যবসায়ী আবদুল লতিফের বাড়িতে একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সাখাওয়াত গাজীসহ একদল ডাকাত হানা দেয়। বাড়ির লোকজন চিত্কার করতে থাকলে ডাকাতেরা গৃহকর্তা লতিফকে কুপিয়ে জখম করে। এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা স্থানীয় ইউপি চৌকিদার আবদুল ওয়াদুদকে কুপিয়ে জখম করে। এ সময় উত্তেজিত জনতা ডাকাতদের গণপিটুনি দেয়। এতে ডাকাত সাখাওয়াত গাজী নিহত হয়। আহত ওয়াদুদকে চিকিত্সার জন্য খুলনা নেওয়ার পথে মারা যান। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সাখাওয়াতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাঁর স্ত্রী হেনোয়ারা বেগম, মোয়াজ্জেম দফাদার, লতিফ আকন, মনির সরদার, রুমান শেখকে চিকিত্সার জন্য পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হেনোয়ারা বেগমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পিরোজপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিত্সক নিজাম উদ্দিন। ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝি আরও জানান, নিহত ওয়াদুদ স্থানীয় চুঙ্গাপাশা এলাকার চৌকিদার। সাখাওয়াত গাজী ও তাঁর স্ত্রী পেশাদার ডাকাত। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।