পিরোজপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
পিরোজপুরের নাজিরপুর উপজেলার পেনাখালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে দাড়িয়া ও হাওলাদার বংশের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে। এ সময় প্রায় ৪০টি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।নিহত ব্যক্তিরা হলেন বাবুল (৩২) ও ইয়াহিয়া দাড়িয়া (৩২)।মালিখালী ইউনিয়নের চেয়ারম্যান সুমন মণ্ডল বলেন, ‘অনেক দিন থেকে দাড়িয়া ও হাওলাদার বংশের মধ্যে বৈরী সম্পর্ক চলছিল। এর জের ধরে আজ এ সংঘর্ষের ঘটনা ঘটে।’স্থানীয় আকরাম ফকির বলেন, ‘গত এক মাসে দাড়িয়া ও হাওলাদার বংশের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আজ সকাল নয়টার দিকে দুই বংশের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে চলে বেলা দুইটা পর্যন্ত।’নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস উদ্দিন জানান, এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।