পিরোজপুরে পুলিশের বাড়িতে ডাকাতি, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় ইউসুফ মোল্লা (৬০) নামে একজন নিহত হয়েছেন। গ্রামবাসী এক ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।বাড়ির গৃহকর্ত্রী ফেরদৌসী বেগম প্রথম আলো অনলাইনকে বলেন, তাঁর স্বামী ইদ্রিস মোল্লা বরিশালের বাকেরগঞ্জ থানার শর্শী পুলিশ ফাঁড়িতে চাকরি করেন। তিনি স্কুলপড়ুয়া ছেলে রাহাত ও মেয়ে জুয়েনাকে নিয়ে দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের বাড়িতে থাকেন। গতকাল গভীর রাতে ২৫-৩০ জনের একদল সশস্ত্র ডাকাত তাঁদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতের দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ আড়াই লাখ টাকার মালামাল লুটে নেয়। বাড়ির অন্যদের চিত্কারে আশপাশের লোকজন জড়ো হয়ে ডাকাতদের প্রতিরোধে এগিয়ে আসে। এ সময় ডাকাতদের গুলিতে তাঁর ভাশুর ইউসুফ মোল্লা নিহত হন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, নয়টি তাজা গুলি ও গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এলাকাবাসী কাশেম (৩০) নামের সন্দেহভাজন এক ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি গৌরীপুর ইউনিয়নের রাধানগর গ্রামে।