পিরোজপুরে বাস ধর্মঘট প্রত্যাহার
পিরোজপুরের বিভিন্ন রুটে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট আজ শুক্রবার বেলা দুইটায় প্রত্যাহার করা হয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে আজ সকালে এ ধর্মঘট শুরু হয়। এতে বেলা দুইটা পর্যন্ত পিরোজপুর থেকে ভান্ডারিয়া, মঠবাড়িয়া, নাজিরপুর, জিয়ানগর, স্বরূপকাঠি, বাগেরহাট, বরিশাল ও খুলনা রুটে বাস চলাচল বন্ধ থাকে। এ সময় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। গতকাল বৃহস্পতিবার রাতে পিরোজপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বাস চলাচলের সময় নিয়ন্ত্রক কর্মী (বাস স্টাটার) ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে একজনের আহত হওয়ার ঘটনায় ওই ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। সংঘর্ষে আহত শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক সাইদুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, সাইদুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তিনি এর আগে অভিযোগ করেন, শ্রমিক নেতা সাইদুল ইসলামের ওপর সময় নিয়ন্ত্রক কর্মীরা হামলা চালায়। এতে সাইদুল আহত হয়। এদিকে সকাল থেকেই বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা বাসস্ট্যান্ডে এসে আটকা পড়ে। বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের সূত্র জানায়, দুই দিন ধরেই বাসস্ট্যান্ডে দায়িত্বরত সময় নিয়ন্ত্রক কর্মী নাসিরের সঙ্গে বাসশ্রমিক শহীদের কথাকাটাকাটি চলে। এর জের ধরে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাইদুলের ভাই বনি আমীন বাদী হয়ে আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. ইব্রাহিম জানান, বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, বাসমালিক ও শ্রমিক নিজেরাই বিরোধ মীমাংসার চেষ্টা চালাচ্ছেন।