পিরোজপুরে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে আজ শনিবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য এবং বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ বিএনপির তিন কর্মীকে আটক করেছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় কারামুক্তি দিবস পালনকালে এ ঘটনা ঘটে।পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল বলেন, সকাল ১০টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শহরে গণমিছিল বের করা হয়। মিছিলটি ক্লাব সড়কের কেন্দ্রীয় জামে মসজিদের কাছে এলে পুলিশ মিছিলে থাকা নেতা-কর্মীদের লাঠিপেটা করে। তিনি দাবি করেন, লাঠিপেটায় বিএনপির অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিএনপির কিছু কর্মী পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে এসআই তাপসসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই মিছিল থেকে আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এম সরোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রাশেদ পারভেজ রনি ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মী আরিফ হোসেনকে আটক করা হয়েছে।