পিরোজপুরে মাদ্রাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার, অধ্যক্ষ আটক
পিরোজপুরে জিয়ানগর উপজেলার বালিপাড়া চাঁন সিরাজিয়া দাখিল মাদ্রাসা থেকে একটি এলজি, একটি গুলি ও জেএমবির ১০টি সাদা প্যাড উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মাদ্রাসার অধ্যক্ষের কক্ষ থেকে এগুলো উদ্ধার করা হয়।এ ঘটনায় পুলিশ মাদ্রাসার অধ্যক্ষ ও বালিপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শরীফ সুলতান মাহমুদকে আটক করেছে। পুলিশের উপস্থিতিতে অধ্যক্ষ সাংবাদিকদের জানান, ‘আমাকে ফাঁসানোর জন্যই এ কাজ করা হয়েছে। কলেজের প্রভাষক আনোয়ার হোসেন দুদিন আগে আমার কাছ থেকে চাবির গোছা নিয়ে যায় এবং কাজ শেষে পিয়ন খালেককে দিয়ে ওই চাবির গোছা আমার কাছে পাঠিয়ে দেয়। কিন্তু ওই গোছায় আমার কক্ষের চাবি পাইনি। তখনই বিষয়টি অনেককে জানানো হয়।’ জিয়ানগর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য প্রভাষক মাওলানা মো. আনোয়ার হোসেন ও পিয়ন খালেককে থানায় আনা হয়েছে। উদ্ধারকৃত এলজিটি অকেজো।