পিরোজপুরে স্ত্রীসহ দুজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামে আজ বুধবার সকালে মাছ কোটা নিয়ে বিবাদের জের ধরে স্বামী গৌতম তাঁর স্ত্রী সীমাকে (৩০) কুপিয়ে হত্যা করেছেন। এ সময় সীমাকে রক্ষা করতে এলে প্রতিবেশী বৃদ্ধা শেফালীকেও (৫৫) গৌতম কুপিয়ে হত্যা করেন। স্থানীয় শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক জানান, আজ সকালে বাজার থেকে গৌতম মাছ নিয়ে এসে সীমাকে সেগুলো কাটতে বলেন। এ নিয়ে সীমা ও গৌতমের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে গৌতম ঘরে থাকা দা দিয়ে সীমাকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন। খবর পেয়ে প্রতিবেশী শেফালী ও তাঁর পুত্রবধূ শিউলী সীমাকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন, গৌতম তাঁদেরও কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাঁদেরকে পিরোজপুর সদর হাসপাতালে আনা হলে কিছু সময় পরে সেখানে শেফালীর মৃত্যু হয়। আহত শিউলীকে উন্নত চিকিত্সার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, ঘাতক গৌতম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু যাহিদ জানান, ঘাতক গৌতমকে জিজ্ঞাসাবাদ চলছে।