পিরোজপুরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগরা ফেরিঘাট এলাকায় গতকাল মঙ্গলবার রাতে র্যাবের গুলিতে মোতালেব নামের একজন নিহত হন।র্যাবের দাবি, তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে মোতালেব মারা যান। তিনি সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু বাহিনী ‘মোতালেব বাহিনী’র প্রধান। তাঁর বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার জয়মনি গ্রামে।র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল মুনিরের ভাষ্যমতে, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জিয়ানগর উপজেলার টগরা ফেরিঘাট এলাকায় মোতালেবের অবস্থান নিশ্চিত করা হয়। গতকাল রাতে র্যাব-৮ বরিশাল ও র্যাব-৬ খুলনার সদস্যরা মোতালেবকে আটক করতে গেলে তাঁর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে মোতালেব গুলিবিদ্ধ হন। পরে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে আনা হলে সেখানে তাঁর মৃত্যু হয়।র্যাবের দাবি, তারা ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটার গান ও চারটি থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে।