পিরোজপুরের চন্ডিপুর গ্রামবাসী অপরাধীচক্রের হাতে জিম্মি
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামবাসী একটি অপরাধীচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। ইতিমধ্যে এ চক্রের সদস্যদের হামলার শিকার হয়ে একটি পরিবার এলাকা ছাড়া হয়েছে। অপরাধীচক্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকাবাসী ২ আগস্ট চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন চন্ডিপুর গ্রামের বাসিন্দা মবিনুর রহমান। সংবাদ সম্মেলনে ১৩টি লিখিত অভিযোগ উত্থাপন করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১৩ জুন চন্ডিপুর গ্রামের হানিফ মৃধা খুলনা থেকে বাড়ি আসার পথে জিয়ানগরের টগরা ফেরি ঘাটের কাছে রিয়াজুল ইসলাম ওরফে মিঠু সহযোগীদের নিয়ে তাঁর গতিরোধ করে এবং কুপিয়ে জখম করে ও সঙ্গে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। হানিফ মৃধার ছেলে আবুল বাশার বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা থানায় মামলা করেছি। ২০০৮ সালে রিয়াজুল ইসলাম হুমকি দেওয়ার পর একটি ৭ ধারার মামলা করি। এর পর তারা আমার বাবার ওপর ক্ষিপ্ত হয়েছিল। বর্তমানে আমরা এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছি।’চন্ডিপুর গ্রামের ফজলুল হক মৃধা বলেন, ‘রিয়াজুল ইসলামের সঙ্গে আমাদের জমিসংক্রান্ত বিরোধ থাকায় ২০০৯ সালের ১৭ নভেম্বর দলবল নিয়ে সে আমাদের ঘরের সামনে গিয়ে আমাকে মারধর করার হুমকি দেয়। বিষয়টি নিয়ে আমি জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’ একই গ্রামের আলতাফ হোসেন বলেন, ‘রিয়াজুলের সহযোগী জাকির হোসেন এলাকায় চুরি-ছিনতাই, বিভিন্ন লোকের গাছ কেটে নেওয়া ও নারী নির্যাতনের ঘটনাও ঘটিয়েছে। লোক-লজ্জার ভয়ে অনেক পরিবার তাদের ওপর নির্যাতনের ঘটনা পত্রিকার বা প্রশাসনের কাছে প্রকাশ করছে না।’ সংবাদ সম্মেলনে উপস্থিত বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর ওয়ার্ডের ইউপি সদস্য মোশারেফ হোসেন বলেন, ‘এলাকাবাসী অতিষ্ঠ হয়ে রিয়াজুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছে।’ এ ব্যাপারে অভিযুক্ত রিয়াজুল ইসলাম বলেন, ‘আমার কোনো বাহিনী নেই, আমরা কেউ এলাকায় কোনো খারাপ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। জমিজমাসংক্রান্ত বিরোধের কারণে আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়েছে।’ জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রাজ্জাক বলেন, ‘রিয়াজুল ইসলাম ও তার লোকজন খারাপ কোনো কাজের সঙ্গে জড়িত নয়। তাদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে প্রতিপক্ষ লোকজনের।’