পিলখানা হত্যা মামলায় পিন্টুর স্থায়ী জামিন
পিলখানা হত্যাযজ্ঞ মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু স্থায়ী জামিন পেয়েছেন। আজ সোমবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি হাবিবুল গনির হাইকোর্ট বেঞ্চ এ জামিনাদেশ দেন। গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুনানি শেষে এই একই বেঞ্চ আজ আদেশের এ সময় নির্ধারণ করেছিলেন।বৃহস্পতিবারের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, সরকারকে অস্থিতিশীল করার জন্যই বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছে। অন্যদিকে পিন্টুর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, যারা বিডিআরকে ধ্বংস করেছে তাদের বিচার একদিন হবেই।অ্যাটর্নি জেনারেল বলেন, নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহী বিডিআর সদস্যদের সমর্থনে মিছিল ও জওয়ানদের পালিয়ে যেতে সহায়তার অভিযোগ রয়েছে। তাই তাঁর জামিন মঞ্জুর করা সমীচীন হবে না। পিন্টুর কৌঁসুলি খন্দকার মাহবুব বলেন, ‘দেশ পিন্টু ধ্বংস করবে না। যারা ধ্বংস করার তারা করেছে। বিডিআরকে ধ্বংস করে দিয়ে সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয়েছে।’খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, পিন্টু অসুস্থ, এ মামলায় তিনি দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে আটক আছেন। তাঁর জামিন পাওয়ার অধিকার আছে। উল্লেখ্য, গত বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। এর মধ্যে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ওই বছরের ১০ জুন পিন্টুকে গ্রেপ্তার করা হয়।