পিলখানা হত্যা মামলায় সাক্ষ্য দিলেন নূর মোহাম্মদ
পিলখানা হত্যা মামলায় আজ সোমবার সাক্ষ্য দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। তিনি বলেছেন, পিলখানার ভেতর জওয়ানেরা যে অস্ত্র জমা দিয়েছিলেন, তা ছিল লোক দেখানো। ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে এই হত্যা মামলার বিচারকাজ চলছে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনার সময় নূর মোহাম্মদ পুলিশের মহাপরিদর্শক ছিলেন। জবানবন্দি দেওয়ার পর তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। নূর মোহাম্মদ জবানবন্দিতে বলেন, ‘ঘটনার সময় পিলখানার ভেতর জওয়ানেরা যে অস্ত্র সমর্পণ করেছিল, তা ছিল লোক দেখানো। ওই দিন তারা আমাদের দরবার হলে যেতে দেয়নি। আটক অফিসার ও তাঁদের পরিবারের সদস্যরা কোথায় আছে, তাও জানায়নি। জওয়ানেরা উত্তেজিত ছিল বলে আমরা তাদের চাপ দিতে পারিনি। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু জওয়ানেরা টালবাহানা করে সময় নষ্ট করে।’ নূর মোহাম্মদ বলেন, ‘আইন প্রতিমন্ত্রী ওই দিন আমার মেয়েসহ কয়েকজনকে পিলখানা থেকে উদ্ধার করে নিয়ে আসেন।’জবানবন্দিতে তিনি ডিএডি তৌহিদ, জলিল, নাসির, রহিম, সিপাহি সেলিম রেজা ও মনিরকে অভিযুক্ত করেন। দুপুর ১২টার দিকে তাঁকে জেরা করা শেষে হলে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। গত বুধবার এ মামলায় সাক্ষ্য দেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।