পিলখানা হত্যাকাণ্ড: অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় হত্যা ও লুণ্ঠন মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার দুপুর দুইটায় শেষ হয়েছে। আজ ২৬০ জন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে পড়া হয়। আগামী ৯ মে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।ঢাকার আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ জহুরুল হকের বিশেষ আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে নয়টায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। দুপুর পৌনে ১২টায় কিছুক্ষণ বিরতি দিয়ে দুপুর দুইটায় আদলতে আজকের কার্যক্রম শেষ হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন ৮১ নম্বর থেকে ৩৪০ নম্বর পর্যন্ত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এর আগে গত ১২ এপ্রিল ১ নম্বর থেকে ৮০ নম্বর আসামির অভিযোগ আদালতে পড়া হয়েছিল। আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে আসামিদের বিভিন্ন কারাগার থেকে কড়া পাহারায় আদালতে হাজির করা হয়।উল্লেখ্য, বিডিআর বিদ্রোহের পর হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনের নাম আসে। এ নিয়ে বিশেষ আদালতে ৮৫০ জনের বিচার চলছে।