পিলখানা হত্যাকাণ্ড: আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষ
পিলখানা হত্যাযজ্ঞ মামলায় অবশিষ্ট ৪৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষ হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষ মোট ৮৪৭ জন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনাল। আদালত আগামী ১৩ জুন সকাল সাড়ে নয়টা পর্যন্ত বিচারকাজ মুলতবি ঘোষণা করেছেন। মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক আজ সোমবার বিচারকাজের পরবর্তী এ দিন ধার্য করেন। ঢাকা আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার-সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ আদালতে পিলখানা হত্যাকাণ্ড ও লুটপাটের মামলার বিচার চলে । আজ সোমবার সকাল পৌনে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। আদালত শুরু হওয়ার আগেই সব আসামিকে বিভিন্ন কারাগার থেকে কড়া পাহারায় এজলাসে আনা হয়। পুলিশ আদালতের চারদিকে পাহারা বসায়। সকাল থেকে অনুমোদিত ব্যক্তি ছাড়া কাউকে ভেতরে যেতে দেওয়া হয়নি। একইভাবে আদালত শেষ হলে আসামিদের কারাগারে পাঠানো হয়। বিচারকাজের শুরুতে অভিযোগ পড়ে শোনানো হয়। এরপর আদালতের বিচারক আসামি পক্ষের আইনজীবীদের কাছে রাষ্ট্রপক্ষের করা অভিযোগ সম্পর্কে জানতে চান। এ সময় আসামিদের আইনজীবীরা আদালতের কাছে জানতে চান এ ক্ষেত্রে দুটো মামলা হয়েছে, কোনো একটি মামলা আগে চলবে নাকি দুটো মামলাই একসঙ্গে চলবে, তা তাঁদের কাছে স্পষ্ট নয়। আইনজীবীদের মধ্যে কেউ কেউ জানান, তাঁদের কাছে আদালত থেকে অভিযোগপত্রের সত্যায়িত কপি আসেনি। এ পর্যায়ে আদালত তাঁদের কাছে জানতে চান ‘কার কার কাছে অভিযোগপত্র নেই। আমার কাছে তো কোনো আবেদনপত্র জমা পড়েনি।’ এ সময় আসামি পক্ষের আইনজীবীরা হট্টগোল শুরু করেন। আদালত এ পর্যায়ে মামলা দুটো আলাদাভাবে চলবে জানিয়ে আগামী ১৩ জুন সকাল সাড়ে নয়টা পর্যন্ত বিচারকাজ মুলতবি করেন। এর আগে মামলার পর গত ১২ এপ্রিল অভিযোগ গঠনের প্রথম দিন ডিএডি তৌহিদুল আলম ও সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুসহ ৮০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। ২৬ এপ্রিল আরও ২৬০ জনকে অভিযোগ পড়ে শোনানো হয়। গত ৯ মে ৪৬৩ জন আসামিকে অভিযোগ পড়ে শোনানো হয়। বিডিআর বিদ্রোহের পর হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সিআইডি ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনের নাম আসে। আসামিদের দুজন ডিএডি রহিম ও ২৪ রাইফেলস ব্যাটালিয়নের নায়েক জয়নাল আবেদীন এ মামলার কার্যক্রম শুরু হওয়ার আগেই কারাগারে বন্দী অবস্থায় মারা যান। চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলে মৃত্যুজনিত কারণে মামলা থেকে তাঁদের অব্যাহতি দেন আদালত। এ ছাড়া কয়েক দিন আগে এ মামলার অপর এক আসামি হাবিলদার মতিউর রহমান মারা যাওয়ায় তাঁকেও অব্যাহতি দেওয়া হয়। এ নিয়ে বিশেষ আদালতে ৮৪৭ জনের বিচার চলছে। আসামিদের মধ্যে বিজিবির বিভিন্ন বিভাগে কর্মরত বেসামরিক আসামি রয়েছেন ৪০ জন।