পিলখানা হত্যাকাণ্ডে ৮৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় ২০০৯ সালের বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগর দায়রা জজ আদালতে ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে ৮৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পন্ন হলো। ২৪ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচার শুরু হবে।আজ বুধবার ঢাকার বকশিবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহিরুল হক আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।অভিযুক্তদের মধ্যে বিএনপির নেতা ও সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু, আওয়ামী লীগের নেতা তোরাব আলী, যুবলীগের নেতা লিটন, ডিএডি তৌহিদুল আলম ও নাসির রয়েছেন।অভিযোগ গঠন শেষে বিচারক মো. জহিরুল হক বলেন, এ পর্যন্ত একটি মামলায় স্মরণকালের সবচেয়ে বেশিসংখ্যক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। তিনি বলেন, মামলার পরবর্তী ধার্য তারিখ ২৪ আগস্টে সাক্ষ্যগ্রহণ ও বিচার শুরু হবে। সে জন্য প্রথম সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়েছে।বিচারক আসামিদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।’ আদালতে শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ২৪ আগস্ট সকাল সাড়ে নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।বিচারক আদালতে হাজির হয়ে একে একে ৮৭ জনকে পৃথকভাবে অভিযোগ পড়ে শোনান এবং সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় তাঁরা দোষী কি নির্দোষ, জানতে চাইলে আসামিরা সবাই নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।আজ সকাল সাড়ে নয়টার দিকে আদালত বসার কথা থাকলেও বৃষ্টির কারণে দুপুর ১২টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। এ মামলায় মোট ৮৫০ জনকে অভিযুক্ত করা হলেও এরই মধ্যে তিনজন আসামির মৃত্যু হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ৮৪৭ জন। এর মধ্যে ৮২৭ জনকে আদালতে হাজির করা হয়। বাকি ২০ জন পলাতক।মামলার প্রধান কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের বলেন, সকল আইনি প্রক্রিয়া শেষে ৮৪৭ জন আসামির বিরুদ্ধে আজ অভিযোগ গঠন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, একই আদালতে অন্য একটি বিস্ফোরক মামলায় ৮৩১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতের কাছে আবেদন জানিয়ে তাঁদের নাম উপস্থাপন করা হয়েছে।বিস্ফোরক দ্রব্য মামলায় অভিযুক্ত ৮৩১ জন সেনা কর্মকর্তা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বলে আদালত সূত্র জানায়। বিস্ফোরক দ্রব্য মামলায় মোট ৮৩৪ জন আসামি থাকলেও তিনজন আসামির মৃত্যু হওয়ায় তাঁদের এ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।