পিলখানা হত্যাকাণ্ডের উসকানিদাতাদের বিচারও একদিন হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পিলখানার নারকীয় হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। যারা জড়িত, সবার বিচার হবে। ঘটনার উসকানিদাতাদেরও বিচার একদিন বাংলার মাটিতে হবে।আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সদরের নাওজোড় এলাকায় ঢাকা বাইপাস সড়ক উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই সড়ক নির্মাণের কারণে রাজধানীর ওপর চাপ কমবে বলে জানান প্রধানমন্ত্রী। ভবিষ্যতে সড়কটি চার লেনে উন্নীত করা হবে বলেও তিনি জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বিরোধী দলের সমলোচনা করে বলেন, জোট সরকার ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসে সীমাহীন লুটপাট করে। তারা ক্ষমতা পাকাপোক্ত করতে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করে। পরিবর্তিত পরিস্থিতিতে ক্ষমতায় আসতে না পেরে তারা জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছে। তিনি অভিযোগ করেন, ‘আমাদের সরকারের বয়স যখন মাত্র ৫০ দিন, তখন তারা পিলখানায় গোলযোগ করে সরকার উত্খাতের চেষ্টা করেছে।’ বিরোধী দলের নেত্রীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, সেই সময় তিনি তিন দিন ক্যান্টনমেন্টের বাসায় ছিলেন না। জাতি জানতে চায়, ওই তিন দিন তিনি কোথায় ছিলেন?শেখ হাসিনা গাজীপুরবাসীর দাবি অনুযায়ী বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে গাজীপুরে হাসপাতাল ও শেখ রাসেল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।