পিলখানা হত্যাযজ্ঞ: অভিযোগ গঠনের বিরুদ্ধে পিন্টুর আবেদন খারিজ
পিলখানা হত্যাযজ্ঞ মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টুর করা আবেদন উপস্থাপন করা হয়নি বলে খারিজ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম ফজলুল রহমান ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদেশের পর পিন্টুর আইনজীবী এস এম শাজাহান প্রথম আলোকে বলেন, আবেদনটি উপস্থাপন করা হয়নি বলে খারিজ করা হয়েছে। কাজেই আবার আবেদনটি উপস্থাপন করতে আইনগত কোনো বাধা নেই।আদালতে পিন্টুর পক্ষে রফিকুল হক ও রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল মামলাটি পরিচালনা করেন।পিন্টুর আইনজীবীরা রুল জারির আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে বলেন, পিন্টুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর্যাপ্ত উপাদান রয়েছে। তাই রুল জারি করা ঠিক হবে না।এর আগে গত ২১ আগস্ট অভিযোগ গঠনের বিরুদ্ধে নাসির উদ্দিন পিন্টু হাইকোর্টে এ আবেদন করেন। পিলখানা হত্যাযজ্ঞ মামলায় গত ২০ জুলাই পিন্টুসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।