পিলখানায় বিডিআর বিদ্রোহের দ্বিতীয় বার্ষিকীকে উপলক্ষ করে আবার সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহ্রীর। সংগঠনটি পিলখানা হত্যাযজ্ঞের ঘটনা নিয়ে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে।জানা গেছে, হিযবুত তাহ্রীর সশস্ত্র বাহিনীতে উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে এক সপ্তাহ ধরে চোরাগোপ্তা তৎপরতার মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটানো ও প্রচারপত্র বিলি করছে। এসব পোস্টার-প্রচারপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সেনা হত্যাকারী’ আখ্যায়িত করে এই সরকারকে উৎখাত করারও আহ্বান জানানো হয়। এ ধরনের পোস্টার সাঁটানোর সময় ২১ ও ২৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর সিদ্বেশ্বরী, লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধর্মভিত্তিক উগ্রপন্থী এই আন্তর্জাতিক সংগঠনের ঢাকায় আবার সক্রিয় হয়ে ওঠার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, বিডিআর বিদ্রোহের দিবসকে উপলক্ষ করে হিযবুত তাহ্রীর যে ধরনের পোস্টার লাগাচ্ছে, তা উসকানিমূলক। সংগঠনটির এই তৎপরতার নেপথ্যে অন্য কোনো মহলের উসকানি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।মনিরুল ইসলাম বলেন, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহ নিয়ন্ত্রণে আনার কয়েক ঘণ্টার মধ্যে হিযবুত তাহ্রীর এ নিয়ে অপপ্রচারমূলক প্রচারপত্র বিলি শুরু করে। তখন এ ধরনের প্রচারপত্রসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এরপর গত বছরও দিবসটি উপলক্ষে তারা উসকানিমূলক পোস্টার ও প্রচারপত্র ছেড়েছিল।সংবাদপত্র কার্যালয়ে পাঠানো হিযবুত তাহ্রীরের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ঢাকার বাইরে সিলেট ও চট্টগ্রামে হিযবুত তাহ্রীর একই তৎপরতা চালাচ্ছে। পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে ২৫ ফেব্রুয়ারি বাদ জুমা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন মসজিদের সামনে সমাবেশ ও প্রচারপত্র বিলি করেছে। এসব সমাবেশে বক্তব্যে ও প্রচারপত্রে বিডিআর বিদ্রোহ ও সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করে উসকানি ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। এ রকম সমাবেশের তিনটি ছবিও সংগঠনটির পক্ষ থেকে পাঠানো হয়।এর আগে গত বছরের ফেব্রুয়ারিতেও সংগঠনটি একই রকম তৎপরতা চালায়। তখন পোস্টারে সশস্ত্র বাহিনীকে ‘প্রতিশোধস্পৃহায় জাগ্রত হওয়ার’ আহ্বান জানানো হয়। তখন হিযবুত তাহ্রীরের অন্তত অর্ধশত নেতা-কর্মী গ্রেপ্তার হন। এবারও একই কায়দায় তৎপরতা শুরু করেছে সংগঠনটি। গত ১৩ জানুয়ারি ডাকে সংবাদপত্র কার্যালয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হিযবুত তাহ্রীর মাসব্যাপী প্রচারণা কর্মসূচির কথা ঘোষণা করে।তবে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, হিযবুত তাহ্রীরের বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতা হিসেবে পরিচিত প্রায় সবাই কারাগারে। কিন্তু সাম্প্রতিক তৎপরতায় মনে হচ্ছে, সংগঠনটির নতুন নেতৃত্ব গড়ে উঠেছে। মূলত নগরকেন্দ্রিক সংগঠনটি রাজধানীর কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখনো সদস্য সংগ্রহ করছে।এই কর্মকর্তা জানান, ২১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া তৌফিক আহম্মেদ ওরফে হাসান (২০) বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর মহিনউদ্দিন ওরফে মহিন (২০) নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং মাসুদ রানা ওরফে মাসুদ (২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করেছেন। তাঁরা তিনজনই বলেছেন, তাঁরা ধরা পড়ার এক মাস আগে হিযবুত তাহ্রীরে যোগ দেন। অভিযোগ রয়েছে, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে যুক্ত। তাঁরা নতুন সদস্য সংগ্রহে বড় ভূমিকা রাখছেন। তাঁরা সচ্ছল পরিবারের ছেলেমেয়েদের লক্ষ্য করে সংগঠনের সদস্য সংগ্রহের কর্মসূচি চালাচ্ছেন এবং তাঁদের মধ্যে পবিত্র ধর্মের নামে উগ্র মতবাদ ছড়িয়ে দিচ্ছেন।হিযবুত তাহ্রীরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এমন একাধিক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ২০০১ সালে সংগঠনটি এ দেশে আত্মপ্রকাশের পর থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে ‘কুফর’ আখ্যায়িত করে তাদের ভাষায় ‘খিলাফত রাষ্ট্র’ প্রতিষ্ঠার কথা বলত। তারা বিপুল অর্থ ব্যয়ে বিভিন্ন শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তনে সভা-সেমিনার এবং প্রচারপত্রের মাধ্যমে কার্যক্রম চালাত। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে রাস্তায় মিছিল-সমাবেশ করে শক্তিমত্তার মহড়া দিতে শুরু করে তারা। এমনকি জরুরি অবস্থা ভঙ্গ করে রাজপথে পুলিশের সঙ্গে সংঘর্ষেও লিপ্ত হয়।বাংলাদেশ সরকার ২০০৯ সালের ২২ অক্টোবর ধর্মভিত্তিক আন্তর্জাতিক সংগঠন হিযবুত তাহ্রীরকে নিষিদ্ধ ঘোষণা করে। উগ্র ধর্মীয় মতবাদের কারণে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশ এবং জার্মানি, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তানসহ বিভিন্ন দেশ সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।আরেকজন গ্রেপ্তার: রাজধানীর আদাবর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গত শনিবার গভীর রাতে হিযবুত তাহ্রীরের আরেক সদস্য ফখরুল হাছান ওরফে জীবনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, ফখরুলের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তি, প্রচারপত্র, কথিত খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধানসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।