বিডিআরের তৌহিদ, বিএনপির পিন্টু, আ.লীগের তোরাবসহ ৪৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। বাকি ৪১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৭ জুলাই
পিলখানা হত্যার বিচার শুরু
পিলখানা হত্যা মামলায় ৮৪৭ আসামির মধ্যে ৪৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২৭ জুলাই বাকি ৪১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে।যাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলম, বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু ও আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলী। তাঁরা হত্যা, লুট, ভাঙচুরসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।গতকাল বুধবার অস্থায়ী আদালতের বিচারক জহুরুল হক এসব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে বহুল আলোচিত পিলখানা হত্যা মামলার বিচার শুরু হলো। এখন সব আসামির অভিযোগ গঠন শেষ হলে সাক্ষ্য নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।ঢাকা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায়। মাঝে আধা ঘণ্টা বিরতি দিয়ে তা চলে বিকেল চারটা ৩৫ মিনিট পর্যন্ত। সকালে আদালতের শুরুতেই বিচারক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে দেন। বিচারক বলেন, মামলার এ পর্যায়ে আসামিদের অব্যাহতি না দেওয়ার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আইনি বাধ্যবাধকতার কারণে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া যাচ্ছে না। আসামিপক্ষের আইনজীবীরা এর বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেন।অব্যাহতির আবেদন নাকচ হওয়ার পর অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। আদালত আসামিদের কাছে জানতে চান, তাঁরা দোষী, না নির্দোষ। কিন্তু আসামিদের আইনজীবীরা এ প্রক্রিয়ার বিরোধিতা করেন। আইনজীবী ফারুক আহাম্মদ, সুলতান মাহমুদ ও রমজান খান আদালতকে বলেন, আসামিদের বিরুদ্ধে এভাবে অভিযোগ গঠন করা যায় না। ফারুক আহাম্মদ বলেন, ‘এ মামলার ক্ষেত্রে আইনের ব্যতিক্রম দেখছি, এটা হতে পারে না।’ সুলতান মাহমুদ বলেন, ‘এভাবে বিচারকাজ চালালে এ আদালতের আদেশ ও সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করতে বাধ্য হব।’ পিন্টুর আইনজীবী টি এম আকবর আদালতকে বলেন, আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে কী অভিযোগ, তা লিখিত আকারে দিতে হবে। অপরাধের সময় ও ঘটনাস্থল উল্লেখসহ বিস্তারিত অভিযোগ পড়ে শোনাতে হবে। এর পরই অভিযোগ গঠন করা যাবে। আদালত বলেন, এভাবে জনে জনে অভিযোগ শোনাতে গেলে অনেক সময় চলে যাবে। আইনজীবীরা জানান, অভিযোগ গঠনের এটাই প্রক্রিয়া। এরপর সেভাবেই অভিযোগ গঠন শুরু হয়। অভিযোগ গঠনের প্রক্রিয়ার ব্যাপারে জানতে চাইলে মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, অভিযোগ গঠনের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। বিচারকই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন। অভিযোগ গঠনের আগে আদালতের বিচারক অভিযুক্ত ব্যক্তিদের নিজ নিজ অপরাধ সম্পর্কে জানতে চান। অভিযোগ গঠনের সূচনা হয় ডিএডি তৌহিদকে দিয়ে। আদালত বলেন, ‘আপনার বিরুদ্ধে পিলখানায় কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ষড়যন্ত্র, কর্মকর্তাদের হত্যা, লাশ গুমে সহায়তা করা, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। আদালত আপনার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। আপনি দোষী, না নির্দোষ?’তৌহিদ আদালতকে বলেন, ‘আমার বিরুদ্ধে কী অভিযোগ হয়েছে, তা আমি শুনিনি।’ আদালত আবার অভিযোগ পড়ে শোনালে তিনি বলেন, ‘এটা লিখিত দিতে হবে।’ আদালত বলেন, ‘সেটা দেওয়া হবে। আপনি নকল পাবেন।’ তৌহিদ বলেন, ‘কোন সাক্ষী কী বলেছে, সেটা না দেখে কী করে মন্তব্য করব।’ আদালত বলেন, ‘আপনি আদালতকে সহায়তা করুন। শুধু বলুন, আপনি দোষী, না নির্দোষ?’ তৌহিদ নিজেকে নির্দোষ দাবি করে বসে পড়েন। এভাবে আদালত ডিএডি নাসির, ডিএডি সিরাজুল ইসলাম, সিপাহি সিদ্দিকসহ অনেকের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে তাঁদের মতামত জানতে চান। মামলার ৩১ নম্বর আসামি নাসির উদ্দীন পিন্টুর নাম উল্লেখ করে আদালত বলেন, ‘আপনার বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহায়তা করা ও জওয়ানদের উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।’তখন কাঠগড়ায় দাঁড়িয়ে পিন্টু বিচারককে উদ্দেশ করে বলেন, ‘আপনার মুখ দিয়ে যেসব অভিযোগ শোনানো হয়েছে, তার সবই মিথ্যা। ১৬১ কিংবা ১৬৪ ধারায় আমার বিরুদ্ধে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেই। আমার মতো অনেক মন্ত্রী-এমপির বিরুদ্ধে সাক্ষী ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে। তাঁরা কিন্তু কেউ এ মামলার আসামি নন। তাঁদের সাক্ষী করা হয়েছে। আর আমাকে আসামি করা হয়েছে। এভাবে অনিয়ম করলে আপনার কাছে কী করে ন্যায়বিচার পাব, সেটা জানি না।’ বিচারক বলেন, ‘আপনি সাবেক সাংসদ। আপনারা আইন তৈরি করেন। আপনার অনেক আইন জানা আছে। এ আদালতে ন্যায়বিচার না পেলে উচ্চ আদালত আছে। আপনি সেখানে যেতে পারবেন।’এভাবে অভিযোগ শোনানোর সময় ডিএডি নাসির, ডিএডি মির্জা হাবিবুর রহমান, ডিএডি সিরাজ, সিপাহি আজিম পাটোয়ারীসহ অনেকেই আদালতের কাছে অভিযোগ করেন, রিমান্ডে নিয়ে নির্যাতন করে তাঁদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তবে আদালত তাঁদের এসব বক্তব্য শুনতে চাননি।অভিযুক্ত বেসামরিক আসামি জসিম আদালতকে বলেন, ‘আমার বিরুদ্ধে গুলি, ম্যাগাজিনসহ গোলাবারুদ চুরির অভিযোগ করা হয়েছে। আমি জানি, মানুষ ধনদৌলত চুরি করে। আমি কেন মরার জন্য এসব চুরি করতে যাব?’ তিনি বলেন, এক মামলায় তাঁর ইতিমধ্যে সাজা হয়েছে। এক মামলায় তাঁর কতবার বিচার হবে? আদালত এ বিষয়টি খতিয়ে দেখার আদেশ দেন।বিচারকের প্রশ্নের জবাবে সব আসামি তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। কোনো কোনো আসামি আদালতকে জানান, তাঁদের কখনো ম্যাজিস্ট্রেট কিংবা আদালতে হাজির করা হয়নি। কিন্তু বলা হচ্ছে, তাঁরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিচারক এসব আসামিকে বলেন, সাক্ষ্য গ্রহণের সময় তাঁরা এসব নিয়ে জেরা করতে পারবেন। এভাবে বিকেল চারটা ৩৫ মিনিট পর্যন্ত ৪৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহী জওয়ানেরা মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বারিসহ ৫৭ সেনা কর্মকর্তা এবং ১৭ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেন। বিদ্রোহীরা মহাপরিচালকের বাসভবনে ঢুকে তাঁর স্ত্রীসহ চার নারীকে নির্যাতনের পর হত্যা করেন। সেনা কর্মকর্তাদের বাসা ও যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালান। তাঁরা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আটক করে নির্যাতন করেন।এ মামলায় ৮৫০ জনকে আসামি করে দুই দফায় অভিযোগপত্র দেওয়া হয়। তাঁদের মধ্যে তিনজন মারা গেছেন। ২০ জন পলাতক। বাকি ৮২৭ জন আসামিকে গতকাল কড়া পাহারায় আদালতে হাজির করা হয়।