পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘আমরা হত্যাকারীদের এবং নেপথ্য পরিকল্পনাকারীদের বিচার করব।’ আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে মাহবুবুর রহমান এ কথা বলেন। পিলখানা হত্যাকাণ্ডের স্মরণে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাহবুবুর রহমান আরও বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ঘটনা। অথচ কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, কারা পরিকল্পনা করেছে তা আমরা জানি না। আমরা হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করে দেশবাসীকে জানাতে চাই।’মাহবুবুর রহমানের অভিযোগ, ‘সীমান্ত আজ অরক্ষিত ও অস্থির। বিএসএফ মানুষ মেরে বাদুড়ের মতো ঝুলিয়ে রাখছে। মানুষকে উলঙ্গ করে নির্যাতন করছে।’ তাঁর ভাষায়, ‘এটি জাতীয় অপমান এবং আমরা তা সহ্য করতে পারি না।’মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিমের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে অংশ নেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান শওকত হোসেন নিলু প্রমুখ।