রাজধানীর পিলখানায় ২৪ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত ইউনিটের ৬৬৭ জন জওয়ানের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার আবার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।আজ ৩৮ জন আসামি তিনজন সাক্ষীকে জেরা করেন। তবে একজন সাক্ষী তাঁর বক্তব্য উপস্থাপনের পরপরই আগামী শনিবার ৪ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এ সকাল সোয়া নয়টায় এই বিচারকাজ শুরু হয়ে শেষ হয় দুপুর পৌনে একটায়।সাক্ষ্য দেওয়ার সময় আজ মেসের দায়িত্বপ্রাপ্ত দুই জওয়ান বলেন, বিদ্রোহী জওয়ান ওই দিন মেসে গিয়ে খারাপ ব্যবহার ও চিৎকার করেন। মেসের ম্যানেজারদের তাঁরা বলেন, ‘ভালো করে রান্না করবি, নইলে খবর আছে। অবস্থা খারাপ করে দিব।’বিদ্রোহের পরপরই বিদ্রোহী জওয়ানদের একটি ডাক্তারি পরীক্ষা হয়। কেউ অস্ত্র ব্যবহার করলে তাঁর শরীরে দাগ থাকে। ওই পরীক্ষায় তা খতিয়ে দেখা হয়।ডাক্তারি পরীক্ষায় সিপাহি ফারুক হোসেন নামের একজন জওয়ানের গায়ে দাগ পাওয়া যায়। ফারুক আজ দাবি করেন, এটা তাঁর জন্মদাগ। এই পরিপ্রেক্ষিতে আদালত তাঁর শার্ট খুলে দাগ পরীক্ষা করেন। এ বিষয়টি পুনঃপরীক্ষা করার সুযোগ রয়েছে কি না, আদালত তা পরবর্তী সময় খতিয়ে দেখার আশ্বাস দেন।আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।