পিলখানায় বিচার চলাকালে আসামির উদ্ধত আচরণ, ৬ মাসের সশ্রম কারাদণ্ড
রাজধানীর পিলখানায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের বিচারকাজ চলাকালে আজ বুধবার সিপাহি আবদুল বাসেতকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে আজ পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালতে এই ব্যাটালিয়নের সদস্যদের বিচারকাজ চলছিল। বিশেষ আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম আবদুল বাসেতকে এ দণ্ড দেন।আদালতের কার্যক্রম সকাল নয়টায় শুরু হয়ে চলে দুপুর সোয়া একটা পর্যন্ত। আজ সাক্ষী ল্যান্সনায়েক আবদুর রহমানের সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে আসামি সিপাহি বাসেত আদালতে উদ্ধত আচরণ করেন। এ সময় তিনি আদালতকে উদ্দেশ করে বলেন, ‘আর কত দণ্ডবেড়ি পরাবেন? এটাই সর্বোচ্চ আদালত না।...’ এভাবে তিনি আরও কিছু সময় আদালতের উদ্দেশে আপত্তিকর কথা বলতে থাকেন। আদালত তাঁকে বারবার বসতে বললেও তিনি তা শোনেননি। এ নিয়ে হইচই হলে কিছুক্ষণের জন্য আদালত বিরতি ঘোষণা করা হয়। বিরতি শেষে আবার বিচারকাজ শুরু হলে আদালত ঔদ্ধত্যপূর্ণ আচরণ, আদালতের আদেশ অমান্য এবং আদালত অবমাননার দায়ে বাসেতকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। আদালত সূত্র জানায়, তাঁকে চাকরিচ্যুত করা হবে। পরবর্তী হাজিরার সময় বিশেষ পুলিশ পাহারায় তাঁকে আদালতে আনার জন্য নির্দেশ দেওয়া হয়।