পিলখানায় বিডিআর বিদ্রোহের অভিযোগ গঠন ১৫ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় অভিযোগ গঠনের দিন আগামী ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। বিডিআরের নিজস্ব আইনে এ মামলা চলছে। একই সঙ্গে আদালত ওই দিন সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। পাশাপাশি ওই দিন আদালতে আসামিদের হাজির করা এবং একই সঙ্গে পলাতক দুই আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫-এ সকাল ১০টা ৩৫ মিনিটে বিচারকাজ শুরু হয়। সকালে ঢাকা সেক্টরের অভিযুক্ত ৮৬ জনের মধ্যে ৮৩ জন আসামিকে দুটি প্রিজন ভ্যানে করে এবং সিপাহি মো. নাসির উদ্দিনকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে হাজির করা হয়।এ আদালতের নেতৃত্ব দিচ্ছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন বিডিআরের দুজন কর্মকর্তা লে. কর্নেল গোলাম রব্বানী ও মেজর সাঈদ হাসান। এ ছাড়া অ্যাটর্নি জেনারেলের মনোনীত প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ বিশেষ আদালতকে প্রয়োজনীয় সহায়তা করছেন।বেলা পৌনে ১১টায় বিশেষ আদালতের কৌঁসুলি মেজর মতিউর রহমান আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগের সারসংক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি আইনের ধারা উল্লেখ করে অভিযুক্তদের শাস্তি দাবি করেন। শুনানি শেষে বিডিআরের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানানো হয়, পলাতক দুই আসামি সিপাহি মাকসুদুর রহমান ও নূরুল আলমকে ১৫ দিনের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তার করতে না পারলে দুটি বাংলা পত্রিকার মাধ্যমে তাঁদের আত্মসমর্পণ করার বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর পাওয়া না গেলে তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু হবে। আসামিদের আইনি সহায়তার জন্য বিডিআর কর্মকর্তা দেওয়া হবে। তবে আসামিরা চাইলে নিজ খরচে তারা আইনজীবী নিয়োগ করতে পারবে। এ ক্ষেত্রে বিডিআর কর্মকর্তা ও আইনজীবীরা সাক্ষীদের জেরা করতে পারবেন না। অভিযুক্তরা নিজেরা সাক্ষীকে জেরা করতে পারবে।গত বছরের ২৫ ফেব্রুয়ারি যে দরবার হলে বিদ্রোহের সূচনা হয়েছিল, প্রায় এক বছর পর সেই দরবার হলেই গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় আদালত বসেন। বিশেষ আদালতের প্রথম দিন গতকাল মামলার বাদী ঢাকা সেক্টর সদরের ভারপ্রাপ্ত নায়েব সুবেদার মো. শাহ আলম ভূঁইয়া তাঁর লিখিত আরজি তুলে ধরেন। আদালত তাঁর আরজি আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির করার আদেশ দেন। বাদী ভারপ্রাপ্ত নায়েব সুবেদার মো. শাহ আলম ভূঁইয়া তাঁর আরজিতে গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে কখন, কীভাবে বিদ্রোহ শুরু হয়েছিল, একে একে সেনা কর্মকর্তাদের কীভাবে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়, তার বিশদ বর্ণনা দেন। তিনি বলেন, বিদ্রোহের ঘটনায় মোট ৮৬ বিডিআর সদস্য জড়িত। তাদের মধ্যে ৩০ থেকে ৩৫ জন সরাসরি জড়িত, অন্যরা বিদ্রোহ দমনের চেষ্টা না করে পরোক্ষভাবে তাদের সহযোগিতা করেছে। বাদী প্রত্যেক আসামির নাম পড়ে শোনান এবং আদালতকে জানান, এই মামলায় সাক্ষীর সংখ্যা ৩০ জন। আদালত বাদীর আরজি শুনে পলাতক আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পুলিশের প্রতি নির্দেশ দেন।বিডিআর সদর দপ্তরের একটি সূত্র জানায়, সারা দেশে বিদ্রোহে জড়িতদের বিচারের জন্য ঢাকায় দুটি এবং ঢাকার বাইরে চারটি বিশেষ আদালত গঠন করা হয়েছে। ঢাকায় স্থাপন করা দুটি আদালতে ১০টি ইউনিটের বিদ্রোহের বিচার হবে। এর মধ্যে রাঙামাটিতে দুটি এবং ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বিচার শুরু হয়েছে।