বিডিআরের বিদ্রোহ ও হত্যাকাণ্ডের প্রায় এক বছরের মাথায় এসে ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের বিচার শুরু হচ্ছে। আজ দুপুর ১২টায় প্রথম আদালত বসছে বিডিআরের সেই দরবার হলে। এতে ঢাকা সেক্টরের বিদ্রোহী জওয়ানদের বিচার হবে। গত বছরের ২৫ ফেব্রুয়ারি সকালে এই দরবার হল থেকেই বিডিআর বিদ্রোহ শুরু হয়েছিল। এরই মধ্যে রাঙামাটিতে দুটি এবং ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বিচার শুরু হয়েছে।বিডিআর সদর দপ্তরের সূত্র জানায়, সারা দেশে বিদ্রোহে জড়িত বিডিআর সদস্যদের বিচারের জন্য ছয়টি আদালত গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় দুটি ও ঢাকার বাইরে চারটি আদালত আছে। ঢাকায় স্থাপন করা দুটি আদালতে ১০টি ইউনিটে বিদ্রোহের বিচার হবে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিডিআরের কর্মকর্তারা সংখ্যার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তাঁরা বলেন, ১০টি ইউনিটের তদন্ত শেষ হওয়ার পরই এ সংখ্যা নিশ্চিত করে বলা যাবে।দুটি আদালতের মধ্যে আজ সদর দপ্তরের প্রথম বিচার হচ্ছে বিশেষ আদালত-৫-এ। এ আদালতের নেতৃত্ব দেবেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। সদস্য থাকবেন বিডিআরের দুজন কর্মকর্তা। এ ছাড়া অ্যাটর্নি জেনারেলের মনোনীত প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ বিশেষ আদালতকে প্রয়োজনীয় সহায়তা করবেন। প্রথম আদালতে প্রায় ১০০ সদস্যের বিচার হতে পারে বলে কর্মকর্তারা আভাস দিয়েছেন।জানতে চাইলে বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবায়দুল হক প্রথম আলোকে বলেন, কতজনের বিচার হবে, সে সংখ্যাটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। সব ইউনিটের তদন্ত শেষ হওয়ার পরই এ সংখ্যা নিশ্চিত করে বলা যাবে।