পিলখানায় বিদ্রোহের ঘটনায় সাক্ষীকে অভিযুক্তদের জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিদ্রোহের ঘটনায় ১৩ ব্যাটালিয়নের অভিযুক্ত বিডিআরের সদস্যরা মামলার বাদী ও প্রথম সাক্ষীকে জেরা করেছেন।আজ মঙ্গলবার পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৮-এ ১৩ ব্যাটালিয়নের অভিযুক্ত ৬২২ জনের মধ্যে ৩০ জন বিডিআর সদস্য মামলার বাদী ও প্রথম সাক্ষী সুবেদার মো. ফরিদ উদ্দিন আহমদকে জেরা করেন। এরপর আদালত আগামীকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এ সময় আদালতে ১৩ ব্যাটালিয়নের অভিযুক্ত ৬২২ জন সদস্য উপস্থিত ছিলেন। আদালতের সভাপতি বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক আদালতে বলেন, ১৩ ব্যাটালিয়নের অভিযুক্ত ৬২২ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ও জেরা অব্যাহত থাকবে। মামলার বাদী ও প্রথম সাক্ষী এই ব্যাটালিয়নের ৬৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে গত দুদিনে ৪৪ জন তাঁকে জেরা করেছেন। অবশিষ্ট আসামিরা তাঁদের বিরুদ্ধে দেয়া সাক্ষ্য ও তথ্যপ্রমাণের ব্যাপারে আগামীকাল এই সাক্ষীকে জেরা করবেন।আগামীকাল এসব বিডিআর সদস্যকে আদালতে হাজির করার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক। তাঁকে বিচারকাজে সহযোগিতা করেন বিডিআরের দুই কর্মকর্তা লে. কর্নেল সেরাজুল হক ও মেজর জাহিদুর রহমান খান এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী। মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন লে. কর্নেল মো. জায়েদ হোসেন। —বাসস।