পিলখানায় বিদ্রোহের বিচার, ১৫ এপ্রিল পরবর্তী শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় গতকাল বুধবার ৮৪ জওয়ানকে আদালতে হাজির করা হয়েছে। আসামিদের কাছে অভিযোগের অনুলিপি দিয়ে ১৫ এপ্রিল সকাল নয়টা পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আদালত। ঢাকা সেক্টরের বিদ্রোহীদের বিচার-প্রক্রিয়ার দ্বিতীয় দিনে গতকাল বিশেষ আদালতের কৌঁসুলি আসামিদের উপস্থিতিতে আদালতে অভিযোগের সারসংক্ষেপ তুলে ধরে আইন অনুযায়ী শাস্তির দাবি জানান।গতকাল সকাল পৌনে ১০টায় দুটি প্রিজনভ্যানে করে ৮৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়। হাসপাতালে চিকিত্সাধীন আসামি সিপাহি নাসির-উদ্দিনকে অ্যাম্বুলেন্সে করে আনা হয়। দরবার হলের সামনে অ্যাম্বুলেন্সেই বসে থাকেন তিনি।সকাল ১০টা ৩৫ মিনিটে বিডিআরের মহাপরিচালক মো. মইনুল ইসলাম দরবার হলে বিশেষ আদালত-৫-এর এজলাসে বসেন। কাল শুনানির দ্বিতীয় দিন ছিল। বিডিআর মহাপরিচালকের সভাপতিত্বে সদস্য লে. কর্নেল এ কে এম গোলাম রব্বানী ও মেজর সাইদ হাসান উপস্থিত ছিলেন। বিশেষ কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন মেজর মতিউর রহমান। এ ছাড়া অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ, বিশেষ পিপি মোশারফ হোসেন, মঞ্জুর মোহাম্মদ, শাহনেওয়াজ, শেখ বাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।বেলা পৌনে ১১টায় বিচার-প্রক্রিয়ার শুরুতে শুনানিতে বিশেষ কৌঁসুলি মেজর মতিউর রহমান বলেন, বিডিআর সদর দপ্তরে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তথাকথিত দাবি আদায়ের নামে বিডিআরের বিপথগামী উচ্ছৃঙ্খল সদস্য ইতিহাসের নারকীয় হত্যাযজ্ঞ চালায়। বিদ্রোহীদের হাতে অনেক মেধাবী কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা নিহত হন। এ ঘটনায় এতিম হয় ১০০ শিশু। বিধবা হয়েছেন ৫৬ জন। নিজ জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মতিউর রহমান আবেগাপ্লুত হয়ে বলেন, ওই দিন লোমহর্ষক ও নির্মমভাবে কর্মকর্তাদের হত্যা করা, লাশ গুম, আলামত নষ্ট করা হয়। নিহত মেজর মকবুলের উদাহরণ টেনে মতিউর রহমান বলেন, অসহায়, নিরস্ত্র অবস্থায় বিদ্রোহীদের হাতে তিনি প্রাণ হারান। তাঁর স্ত্রী ও সন্তান ওই সময় নর্দমা দিয়ে নিহতদের লাশ আসতে দেখেন। তা দেখে মকবুলের সন্তান বলেছিল, ‘আল্লাহ, আমার বাবা বিদ্রোহীদের হাতে হত্যা হতে পারে। কিন্তু লাশ নর্দমা দিয়ে যেন না আসে।’ আল্লাহ তার দোয়া কবুল করেছিল, মাটি চাপা অবস্থায় মকবুলের লাশ পাওয়া যায়।মতিউর রহমান বলেন, ঘাতক ও তাদের সহায়তাকারীদের বিচার হওয়া উচিত। যারা বিদ্রোহ দমন করেনি, তাদেরও বিচার হওয়া উচিত। তিনি বলেন, নায়েক সুবেদার নরুল ইসলাম ও সুবেদার মেজর ফজলুল হকসহ ৪০ জন ঘটনার সময় উপস্থিত ছিলেন। মতিউর রহমান আরও বলেন, ২৫ ফেব্রুয়ারি সকাল নয়টা ২৫ মিনিটে মহাপরিচালক সিপাহি মাঈনকে নিরস্ত্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সিপাহিদের মধ্য থেকে ‘জাগো’ বলে হুংকার ছোড়া হয়। হাবিলদার নজরুল ইসলামসহ ১২ জন ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ছিল। তারা বিদ্রোহ দমনে কোনো উদ্যোগ না নিয়ে অস্ত্র ও গুলি হাতে নিয়ে সক্রিয়ভাবে বিদ্রোহে অংশ নেয়। জেসিও ফজলুল হকও মহাপরিচালকের আদেশ অমান্য করেছেন। পাশাপাশি তিনি লাশ অপসারণে সহায়তা করেছেন ও বিদ্রোহে অংশ নিয়েছেন। যদি সংশ্লিষ্টরা নিজ নিজ অবস্থান থেকে অধস্তনদের নিয়ন্ত্রণ করতেন, তাহলে বিদ্রোহ দমন করা সম্ভব হতো। তাঁরা তা না করে অপরাধ করেছেন। তিনি আদালতে জানান, ৩০ জন সাক্ষী আছে। এ ছাড়া ঘটনার ভিডিও ফুটেজ আছে। অভিযুক্তরা বিদ্রোহীদের নাম ও তথ্য গোপন করেছেন। বিডিআর আইন অনুযায়ী তাঁরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।মতিউর রহমান বলেন, ‘কয়েক দিন আগে শহীদ পরিবারের এক শিশু হাসপাতালে এসেছিল চিকিত্সার জন্য। অপর সহকর্মী তাকে দেখতে যায়। তখন শিশুর কাছে জানতে চায় কেমন আছ। আঙ্কেল, ভালো আছি বলে শিশুটি বলে, আচ্ছা, আমি মরলে কি আমার বাবার কাছে যেতে পারব?’ ওই শিশুকে সান্ত্বনা দেওয়ার ভাষা কি আছে? প্রশ্ন রেখে মতিউর রহমান নিজেই বলেন, আছে, আদালত। আসামিদের বিচার করতে হবে। ন্যায়বিচার করতে হবে।আদালত বলেন, বিচারের জন্যই এখানে বিচারক বসেছেন। অভিযোগ আমলে নেওয়া হয়েছে। ঘটনা সংগঠনের বিষয়ে অবহিত আছি। বক্তব্য সংক্ষেপ করে যৌক্তিকভাবে উপস্থাপন করবেন।আদালত বলেন, ‘১৯৭২ সালের আইন অনুযায়ী বিচার হচ্ছে। এই আইনে আগে কখনো বিচার হয়নি। আইন পরিবর্তন অবশ্যম্ভাবী। অভিযোগকারীর অভিযোগ আসামিদের দেওয়া হয়েছে কি না জানতে চান আদালত। এ সময় আসামিরা নিশ্চুপ থাকেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগসংক্রান্ত কাগজও দেখা যায়। আদালত বলেন, ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনায় আপনারা দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় আছেন। আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ও সুবিচার নিশ্চিত করাই লক্ষ্য। নিজেকে (আসামিরা) নির্দোষ প্রমাণের জন্য ২৭ দিন সময় পাবেন। অন্যান্য আদালতের মতো আপনাদের সময় দেওয়া হবে। নির্দোষ প্রমাণের জন্য একজন কর্মকর্তা দেওয়া হবে। তাঁরা আইনি সহায়তা দেবেন। এ ছাড়া নিজস্ব ব্যবস্থাপনায় একজন আইনজীবী নিয়োগ করতে পারবেন। খরচ আপনাদের দিতে হবে। আদালত বলেন, নিজেকে নির্দোষ প্রমাণের দায়িত্ব আপনাদের নিজের। পরবর্তী তারিখে অভিযোগ পড়ে শোনানো হবে। তখন জিজ্ঞাসা করা হবে দোষী কি নির্দোষ। জবাব চাওয়া হবে। মনে রাখবেন দোষ স্বীকার করেন আর নাই করেন, সাক্ষ্য-প্রমাণে সত্য বেরিয়ে আসবে। আদালত বলেন, প্রথমে দোষ স্বীকার করলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে নমনীয়তা দেখাবে আদালত। প্রথমে দোষ স্বীকার আর শেষপর্যায়ে দোষ স্বীকার ভিন্ন বিষয়।শুনানির শেষ পর্যায়ে আদালত বলেন, এক থেকে ৮৩ জনকে জেলে রাখতে বলা হলো। পলাতক দুই আসামি মাকসুদুর রহমান ও নুরুল আলমের বিষয়ে আদালত জানান, তাঁদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ১৫ দিনের মধ্যে গ্রেপ্তার বা আত্মসমর্পণ না করলে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক হবে। এতেও যদি তাঁরা উপস্থিত না হন, তাহলে তাঁদের অনুপস্থিতিতেই বিচার চলার কথা বলেন আদালত। পাশাপাশি ১৫ এপ্রিল সকাল নয়টা পর্যন্ত শুনানি মুলতবি করা হলো।