পিলখানায় হত্যার অধিকতর তদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড, লাশ গুম, লুটপাট, অগ্নিসংযোগ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক দুটি মামলায় অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিদ্রোহের বিচার চলাকালে আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যা, অস্ত্র লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত নতুন অনেক জওয়ানের নাম-পরিচয় বেরিয়ে আসায় গতকাল রাষ্ট্রপক্ষ এ আবেদন করে। গতকাল বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ এ আবেদন করেন। গতকাল এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য দিন ধার্য ছিল। গত ৫ জানুয়ারি আদালত দুটি মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ তারিখ নির্ধারণ করেছিলেন। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী ৩ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। ওই দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি এবং অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশে বিভিন্ন সেক্টর এবং ইউনিটেও বিদ্রোহ সংঘটিত হয়েছিল। তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় বর্তমানে সাড়ে চার হাজার জওয়ানের বিচার চলছে। বিদ্রোহের বিচার চলাকালে আসামিদের জিজ্ঞাসাবাদে ইউনিট পর্যায়ে অনেক অপরাধীর নাম বেরিয়ে এসেছে। এদের বিচার বিডিআরের নিজস্ব আইনে করা সম্ভব নয়। তাই এ মামলায় অধিকতর তদন্তের আবেদন করা হয়েছে। আইনজীবী সানাউল্লাহ মিয়া অধিকতর তদন্তের বিরোধিতা করে গতকাল আদালতকে বলেন, বিডিআর বিদ্রোহের সময় নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু এলাকায় ছিলেন না। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিদ্রোহী জওয়ানদের বুড়িগঙ্গা নদী পার হতে সহায়তা করার যে অভিযোগ রয়েছে, তা মিথ্যা। অধিকতর তদন্ত করতে হলে আসামিদের কারাগারে আটক রাখার কোনো যুক্তি নেই বলে তিনি আদালতকে জানান। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন, আসামি নাসির উদ্দীন আহম্মেদ বিডিআর বিদ্রোহের ঘটনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এ ছাড়া আসামিদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। এটি একটি স্পর্শকাতর মামলা। তাই কাউকে জামিন দেওয়া ঠিক হবে না।গতকাল আরও ৫০ জন জওয়ান জামিনের আবেদন এবং মামলা থেকে অব্যাহতি চেয়ে ৩০ জন আবেদন করেছেন। এর আগে গত ৫ জানুয়ারি নাসির উদ্দীন আহম্মেদ ছাড়াও ডিএডি তৌফিকসহ ৭০ জন জামিন আবেদন করেছিলেন। আদালত সূত্র জানায়, এ বিষয়ে কোনো আদেশ গতকাল হয়নি। সব আবেদনের বিষয়ে একসঙ্গে আদেশ দেওয়া হবে।সরকারপক্ষে শুনানি করেন প্রধান কৌঁসুলি আনিসুল হক, মোশাররফ হোসেন, আবদুল্লাহ আবু, শাহ আলম তালুকদার প্রমুখ।আসামিদের পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি সানাউল্লাহ মিয়া, আমিনুল ইসলামসহ শতাধিক আইনজীবী।গতকাল অস্থায়ী বিশেষ জজ আদালত এলাকায় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। ভ্যানে করে অভিযুক্ত ৮২৪ জন আসামির মধ্যে ৮০১ জনকে কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়। বাকি আসামিদের মধ্যে ২১ জন পলাতক, দুজন মারা গেছেন। গত বছরের ১৩ জুলাই সিআইডি পুলিশ মামলার তদন্ত করে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগসহ পৃথক ২৪টি ধারায় ডিএডি তৌহিদ, হাবিব, লতিফ ও জলিল এবং বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ, আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলীসহ ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। একই ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনে ৮০১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এ মামলায় পিন্টু ও তোরাব আলীকে আসামি করা হয়নি।