পিসিএল রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরযাত্রীর বহরেও এত লোক থাকে না। কনের বাড়ি দূরে হলে তো কথাই নেই। যাদের নিতান্ত না নিয়ে গেলেই নয়, তাদের নিয়ে মাঙ্গলিক কার্যাদি সম্পন্ন করে কনে নিয়ে বাড়ি ফেরা। তারপর জাঁকজমকপূর্ণ বৌভাত এবং সুশৃঙ্খল অনুষ্ঠানের বাহবা নিয়ে তৃপ্তির ঢেঁকুর তোলা! গত ২৮ মার্চ-৩ এপ্রিল শারজায় এ রকম একটি ‘বিয়ের’ আসর বসেছিল। পোর্ট সিটি ক্রিকেট লিগ (পিসিএল) টি-টোয়েন্টি ২০১০। চট্টগ্রাম থেকে উড়ে যাওয়া পিসিএল-যাত্রীর সংখ্যা অন্তত ৫০০ জন। এই তালিকায় সাংসদ থেকে শুরু করে ছিলেন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা, বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতা, ক্রীড়া সংগঠক, সাংবাদিকসহ আরও অনেকে! অনুষ্ঠানটি ক্রীড়াসংশ্লিষ্ট, তাই খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, সাংবাদিকদের যাওয়ার যুক্তিসংগত কারণ খুঁজে পাওয়া যায়। কিন্তু পটিয়া উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কিংবা সিটি করপোরেশনের কাউন্সিলর ও ছাত্রলীগ নেতাদের শারজায় নিয়ে যাওয়ার কারণটা ঠিক মাথায় ঢোকে না। নতুন ঘরানার টি-টোয়েন্টি ক্রিকেট আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রথম উদ্যোগটি ছিল প্রশংসনীয়। দ্বিতীয় আসরে সব তালগোল পাকিয়ে গেল শুরু থেকেই। যেমন প্রথমবারের ক্রিকেটার নিলাম ছিল একটি সুশৃঙ্খল আয়োজন। পক্ষান্তরে মাসখানেক আগে চট্টগ্রাম স্টেডিয়ামের জিমনেশিয়াম কক্ষে হয়ে যাওয়া এবারের নিলামপর্বটি ছিল পুরোপুরি অগোছালো। উপস্থাপনা থেকে শুরু করে অনুষ্ঠান পর্ব—পদে পদে ছিল অসংগতি। এবার টুর্নামেন্ট প্রসঙ্গে আসা যাক। আয়োজকদের অব্যবস্থাপনা, সমন্বয়হীনতার কথা টুর্নামেন্ট চলাকালেই ছাপা হয়েছে পত্রিকায়। ভিসা জটিলতা, স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে মন কষাকষির কথাও। নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শুরু করতে না পারার কারণ এসবই। কিন্তু শুরুর পরও দেখা দিয়েছে সমস্যা। পাড়ার ক্রিকেটের মতো ইচ্ছামাফিক পরিবর্তন করা হয়েছে টুর্নামেন্টের বাইলজ। চট্টগ্রাম থেকে পিসিএল শারজায় নেওয়ার সিদ্ধান্তের পর থেকেই প্রশ্নের মুখে পড়েছেন আয়োজকেরা। শারজায় কেন? এতে চট্টগ্রামের কী লাভ? পিসিএল বিদেশে নেওয়ার উদ্দেশ্য কি আদম পাচার? এমন সব প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়েছেন আয়োজকেরা। শারজায় টুর্নামেন্ট হলে, দেশের বাইরে প্রথম টুর্নামেন্ট করার কৃতিত্বটা হবে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার। শারজায় অনেক বাঙালি, বিশেষ করে চট্টগ্রামের লোকজন থাকায় তাদেরও বিনোদনের একটা খোরাক জোগাবে পিসিএল। পিসিএল শারজায় নিয়ে যাওয়ার পক্ষে এমনসব যুক্তিই দেখিয়েছেন আয়োজকেরা। ক্রিকেটের বাণিজ্যিকীকরণের একটা উদ্দেশ্য তো ছিলই। পিসিএল ফাউন্ডেশনের মাধ্যমে ক্রিকেটে ‘প্রতিভা অন্বেষণ কর্মসূচি’ চালুর পরিকল্পনাও ছিল চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার। শারজায় টুর্নামেন্ট থকে ভালো একটা আয় করে সে পরিকল্পনাকে অনেকটাই এগিয়ে নিতে চেয়েছিলেন তাঁরা।কিন্তু যাঁদের দিকে তাকিয়ে টুর্নামেন্ট শারজায় নিয়ে যাওয়া, সেই প্রবাসীরাই যে মুখ ফিরিয়ে নিলেন টুর্নামেন্ট থেকে! কারণ খুঁজতে গেলে চলে আসে আয়োজকদের সাংগঠনিক অদক্ষতা, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা। প্রচারের অভাবও একটা কারণ। সংযুক্ত আরব আমিরাতে থাকা অনেক প্রসাবী বাঙালি জানতেই পারেননি, চট্টগ্রামের টুর্নামেন্ট হচ্ছে শারজায়। টিকিটের চড়া মূল্যও প্রভাব ফেলেছে এতে। টিকিটের ন্যূনতম মূল্য ছিল ২০ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৩৮০)। যদি প্রবাসীদের মাঠে আনা যেত, তাহলে সব অব্যবস্থাপনা কিংবা অভিযোগ থেকে কিছুটা হলেও মুক্ত হতে পারত পিসিএল। তা হয়নি, কিন্তু পিসিএলের যাত্রীরা কোথায় ছিলেন? শারজায় যাওয়া পিসিএলের যাত্রীদের আচরণে এমনও মনে হয়েছে যে পিসিএল উপলক্ষ মাত্র, তাঁরা শারজা এসেছেন প্রমোদ ভ্রমণে। শারজায় যাওয়া শত শত কর্মকর্তার মাত্র কজনকেই প্রতিদিন খেলার সময় দেখা গেছে মাঠে। দর্শকশূন্য স্টেডিয়ামে কয়জন নেতাই বা ছিলেন? এসব সংগঠক কিংবা নেতাদের দর্শক সারিতে দেখা গেলেও শান্তি ও স্বস্তি দুই-ই পাওয়া যেত। সংগঠকরাও যদি গতবারের মতো কাজ করতেন, অব্যবস্থাপনা অনেক দূর হয়ে যেত। যেমনটা বলছেন পিসিএল আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মো. আলমগীরও, ‘অনেকে গিয়েছিলেন কিন্তু কাজের জন্য তেমন কাউকেই পাওয়া যায়নি।’ তবে তিনি এও বলেছেন, ‘বেশি লোক নিয়ে কাজ করতে গেলে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়।’ গ্যালারি না ভরলেও প্রতিদিনের পুরস্কার বিতরণী মঞ্চ ছিল অতিথিতে (পিসিএল-যাত্রী) ঠাসা। প্রথম সেমিফাইনালে ১১ জন, দ্বিতীয় সেমিতে ১৫ আর ফাইনাল শেষে মঞ্চে উঠেছিল আরও বেশি কর্মকর্তা। পৃথিবীর কোনো দেশে ক্রিকেটের পুরস্কার বিতরণী মঞ্চে কোনো কালে এত অতিথি ছিল না—এটা বলেই দেওয়া যায়। পিসিএল শেষ। এখন পিসিএল-যাত্রীরা ভালোয়-ভালোয় দেশে ফিরলে হয়। তাতে অন্তত আদম পাচারের দায়মুক্ত হবে পিসিএল। পরিচ্ছন্ন ভাবমূর্তির পিসিএলই তো দরকার ক্রিকেটারদের। শারজার টুর্নামেন্ট শেষে বিমানে ফেরার পথে কথা হয়েছিল একাধিক ক্রিকেটারের সঙ্গে। নিয়ম-কানুন মেনে পিসিএল নিয়মিত হবে—এটাই তাঁদের প্রত্যাশা। এই প্রত্যাশা ক্রীড়াপ্রেমী সব মানুষেরই।