পিস্তল ঠেকিয়ে কাজ করানো যাবে না: কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে প্রচারে নামার জন্য আন্না হাজারের গতকালের হুমকির পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। ভারতের প্রবীণ এই গান্ধীবাদী নেতা ও সমাজসেবী আন্না হাজারের উদ্দেশে কংগ্রেস বলেছে, পিস্তল ঠেকিয়ে কাজ করানো যাবে না। সময়মতোই লোকপাল বিল পাসের উদ্যোগ নেওয়া হবে।আন্না হাজারে সম্প্রতি প্রস্তাবিত লোকপাল বিল দ্রুত পাস করানোর দাবিতে আন্দোলনের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আগামী বছরেই বিল পাস করতে হবে। কংগ্রেস বলেছে, দলটি এবার শক্তিশালী লোকপাল বিল পাস করার উদ্যোগ নিয়েছে। সে জন্য যদি কেউ মনে করেন ঘাড়ে পিস্তল ঠেকিয়েই কাজ হাসিল করে নেওয়া যাবে, তবে তা মস্ত বড় ভুল। গতকাল বুধবার দিল্লিতে কংগ্রেস নেতা ও সংসদবিষয়ক মন্ত্রী পবন বনশাল এ কথা বলেছেন। তিনি বলেন, ‘লোকপাল বিল সংসদে পেশ ও পাস করানোর জন্য আন্না হাজারে যে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন, তা মানতে রাজি নয় কংগ্রেস। এ ব্যাপারে অযথা চাপ সৃষ্টি করে কোনো লাভ নেই। বুঝতে হবে ঘাড়ে পিস্তল ঠেকিয়ে কাউকে দিয়ে কোনো কাজ হাসিল করানো যায় না। সরকার নির্দিষ্ট সময়ে লোকপাল বিল পাস করবে।’ পবন বনশাল আরও বলেন, আগামী শীতকালীন অধিবেশনেই বিলটি পেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনমন্ত্রী সলমন খুরশিদও একই কথা বলেন। এর আগে গত মঙ্গলবার আন্না হাজারে নিজের গ্রাম মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধিতে জানিয়ে দেন, সরকার আগামী শীতকালীন অধিবেশনে লোকপাল বিল সংসদে পাস না করলে তিনি আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ওই বিলের সমর্থনে প্রচারাভিযানে নামবেন। একই সঙ্গে এই বিলের বিরোধিতা করার জন্য কংগ্রেসকে ভোট না দেওয়ারও আহ্বান জানাবেন। তিনি এও বলেন, এই বিল পাস না হলে তিনি উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগেই প্রচারে নামবেন। সেই লক্ষ্যে উত্তর প্রদেশের রাজধানী লক্ষেৗতে তিনি তিন দিনের এক অনশনে যোগ দেবেন। আগামী বছর উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, গুজরাট ও গোয়ায় বিধানসভার নির্বাচন হওয়ার কথা।