ইব্রাহিম হত্যা মামলায় সিআইডির জিজ্ঞাসাবাদ
পিস্তলে গুলি ভরে রাখার কথা স্বীকার করেন সাংসদ নুরুন্নবী
আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ খুনের ঘটনায় ব্যবহূত পিস্তলটি গুলিভরা অবস্থায় গাড়িতে রাখা ছিল। এর নিরাপত্তা পিনও (সিকিউরিটি লক) উন্মুক্ত করে রেখেছিলেন সরকারি দলের সাংসদ নুরুন্নবী চৌধুরী। সিআইডির জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য জানান। সাংসদ দাবি করেন, ইব্রাহিম গুলিবিদ্ধ হওয়ার পর তিনি ঘটনাটি জেনেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল হালিম প্রথম আলোকে বলেন, সাংসদকে গত শনিবার সিআইডি কার্যালয়ে ডেকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়। প্রয়োজনে আবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এ মামলার আরেক আসামি সাংসদের গাড়িচালককে আদালতের আদেশে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।এর আগে চাঞ্চল্যকর হত্যা মামলার তদারকি সেলের ৬৮তম বৈঠকে আলোচিত এ হত্যা মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।সূত্র জানায়, সিআইডির জিজ্ঞাসাবাদে সাংসদ জানান, ইব্রাহিম হত্যার ঘটনা তিনি আগে থেকে জানতেন না। দেলোয়ার জানিয়েছেন। এরপর তিনি জানতে পারেন, ইব্রাহিমকে পুরান ঢাকার একটি ক্লিনিকে নেওয়া হয়েছে। পরে তিনি ফোন করে ইব্রাহিমকে ঢাকা মেডিকেলে আনতে বলেন। ওই সময় তাঁর গাড়িচালক কামাল কোথায় ছিলেন, জানতে চাইলে সাংসদ সিআইডির কর্মকর্তাদের জানান, তিনি খোঁজ নিয়ে জানতে পারেন কামাল ফোন বন্ধ করে ঘটনাস্থল থেকে সরে পড়েছেন। এরপর তিনি রামপুরা গিয়ে চালককে নিয়ে আসেন। থানায় মিথ্যা মামলা কেন করা হলো, প্রশ্ন করা হলে সাংসদ সিআইডিকে বলেন, পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনারের সঙ্গে কথা বলে তিনি গাড়িচালককে মামলা করতে থানায় পাঠিয়েছিলেন। কিন্তু কোন ধারায় পুলিশ মামলা নিয়েছে, তা জানতেন না। এ সিদ্ধান্ত পুলিশ নিয়েছে বলে তিনি জানান। গাড়িতে অস্ত্রটি কেন গুলিভরা ছিল, সিআইডির কর্মকর্তাদের এমন প্রশ্নের জবাবে সাংসদ জানান, নিজের নিরাপত্তার কারণে পিস্তলে গুলি ভরে লক খুলে রাখেন তিনি। ইব্রাহিমের পরিবারকে না জানিয়ে কেন মামলা করতে গেলেন? সাংসদ এর সঠিক জবাব দিতে পারেননি।সূত্র জানায়, ঘটনার পর সাংসদ মোবাইল ফোনে অনেকের সঙ্গে কথা বললেও এর কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা, তিনি অন্য কোনো নম্বর ব্যবহার করেছেন। গত বছর ১৩ আগস্ট সাংসদ নুরুন্নবীর লাইসেন্স করা পিস্তলের গুলিতে নিহত হন ইব্রাহিম আহমেদ। কিন্তু তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ না করে ওই রাতেই সাংসদের গাড়িচালক আবুল কালাম ওরফে কালা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় অপমৃত্যুর মামলা করেন। মামলার তদন্ত নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় গত ১৮ সেপ্টেম্বর এ মামলা তদন্তের ভার দেওয়া হয় সিআইডিকে।এর আগে ১৮ আগস্ট ইব্রাহিমের ছোট ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবী চৌধুরীসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন। তবে আদালত এ মামলার ব্যাপারে এখনো কোনো নিদের্শনা দেননি।গোয়েন্দা পুুলিশ তদন্তে নিশ্চিত হয়, ইব্রাহিম খুন হয়েছেন এবং এ ঘটনা ধামাচাপা দিতে গাড়িচালক অপমৃত্যুর মামলা সাজিয়েছেন। এরপর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়।সূত্র জানায়, সিআইডি পুলিশের হাতে তদন্ত আসার পর এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সাংসদের ঘনিষ্ঠ সহযোগী মাজহারুল ইসলাম, দেলোয়ার হোসেন, যুবলীগের কর্মী গোলাম মোস্তফা ও নূর হোসেন। তাঁদের সবাইকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।