পিয়ংইয়ংয়ের ব্যাপারে কঠোর অবস্থানে সিউল
দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরিয়ার উসকানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির গণমাধ্যমে আজ শনিবার এ ব্যাপারে দক্ষিণ কোরীয় প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে খবর প্রকাশ করেছে।দ্য কোরিয়া ইকোনমিক ডেইলি তাদের প্রতিবেদনে বলেছে, সরকার ২০১১ সালে তাদের সামরিক ব্যয় পাঁচ দশমিক আট শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছে। এ বাজেটের পরিমাণ প্রায় দুই হাজার ৭০০ কোটি ডলার। এই অর্থ দিয়ে ভারী অস্ত্রশস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম কেনা হবে বলে জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার আইনসভা সামরিক খাতে এর চেয়েও বেশি অর্থ অনুমোদন দিতে পারে।এদিকে, উত্তর কোরিয়ার আক্রমণের সমুচিত জবাব দিতে না পারায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়াং বাক আইনসভার সদস্যদের সমালোচনার মুখে পড়েছেন। এ ঘটনার জের ধরে তীব্র সমালোচনার মুখে ইতিমধ্যেই দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। এশীয় অঞ্চলের পরাশক্তি ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন বলেছে, তারা এ অঞ্চলে যেকোনো ধরনের সংঘর্ষ প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এমনকি তাদের উপকূলীয় এলাকায় যেকোনো ধরনের সামরিক মহড়ার বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন।যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আগামী রোববার থেকে পিত সাগরে চার দিনব্যাপী যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। এ মহড়া এই অঞ্চলে যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে বলে উত্তর কোরিয়া সতর্ক করে দিয়েছে। গত মঙ্গলবার উত্তর ও দক্ষিণ কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলীয় সীমান্তবর্তী ইয়ংপিয়ং দ্বীপে ব্যাপক গোলা বিনিময়ের ঘটনা ঘটে। উত্তর কোরিয়ার গোলায় দক্ষিণ কোরিয়ার দুই মেরিন সেনা ও দুজন সাধারণ নাগরিক নিহত হন। এ ঘটনার পর দেশ দুটির মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। এই দ্বন্দ্বে চীন ও যুক্তরাষ্ট্র জড়িত হওয়ার পর তা আরও মারাত্মক আকার ধারণ করেছে। রয়টার্স।