পিয়ানোপ্রেমী বৃদ্ধের কাণ্ড!
ঘুমানোর জন্য জুতসই একটি জায়গা খুঁজছিলেন তিনি। কারণ, তাঁর থাকার জায়গা নেই। চালচুলোহীন। সামনে পড়ে গেল একটি দোকান। সংগীতের সরঞ্জামে ভরা। জানালা দিয়ে ভেতরে পিয়ানো দেখে জাগিয়ে উঠল সংগীতের ক্ষুধা।জানালা ভেঙে ভেতরে ঢুকে খানিক্ষণ পিয়ানো বাজালেন তিনি। তারপর ঘুমিয়ে পড়লেন। জেগে দেখেন, সামনে পুলিশ খাড়া। তিনি টের পাননি যে জানালা ভাঙার সময় বিপদ-সংকেত বেজে উঠেছিল। ওই সংকেতই নিয়ে এসেছে পুলিশ। গত রোববার রাতে ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের উত্তরাঞ্চলীয় অ্যাসেন শহরে।গতকাল সোমবার রয়টার্সের খবরে জানানো হয়, পুলিশের কাছে ধরা পড়া ওই ব্যক্তি ৬০ বছর বয়সী এক বৃদ্ধ। সংগীতের ওপর ব্যাপক পড়াশোনা রয়েছে তাঁর। কিন্তু বেদনাদায়ক ঘটনাটি হচ্ছে, এই শেষ বয়সে তাঁর মাথা গোঁজার ঠাঁই নেই।পুলিশের মুখপাত্র ডার্ক নিফ বলেন, ‘তিনি আমার সহকর্মীদের বলেছেন যে সংগীতের ওপর সাত বছর পড়াশোনা করেছেন।’ বৃদ্ধ খুব ভালো পিয়ানো বাজান বলেও জানান তিনি।পিয়ানোপ্রেমী বৃদ্ধের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি পুলিশ। সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়।