পীরগঞ্জ পৌরশহরের রাস্তা আবার দখল হয়ে যাচ্ছে
পীরগঞ্জ পৌরশহরের সরকারি রাস্তার জমি আবারও দখলে চলে যাচ্ছে। কেউ রাস্তার জমিতে গাছ রোপণ করে, কেউ ব্যানার-সাইনবোর্ড ঝুলিয়ে, কেউ টং দোকান বসিয়ে, আবার কেউ সরাসরি স্থাপনা তৈরি করে দখল করে চলেছেন পীরগঞ্জ পৌর শহরের প্রধান সড়কের সরকারি জমি।ঠাকুরগাঁও জেলার হরিপুর ও রাণীশংকৈল উপজেলার জনগণকে পীরগঞ্জের ওপর দিয়েই ঠাকুরগাঁও, দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতে হয়। প্রধান সড়কের পাকা অংশ বাদে রাস্তার অবশিষ্ট অংশের ৭০ থেকে ৮০ শতাংশই অবৈধ দখলে চলে যাওয়ায় ৬০ থেকে ৯০ ফুট চওড়া রাস্তা এখন ১৮ থেকে ২২ ফুটে চলে এসেছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট, পথচারীর চলাচলে বিঘ্ন এবং অন্তহীন নাগরিক বিড়ম্বনা।রিকশাচালক আবদুস সুবাহান বলেন, ‘রাস্তার দুই পাশে ফাঁকা করে হেনে ভালোই করিচিল ফখরুদ্দীন সরকার। রাস্তার পাশের ওই ফাঁকা জায়গালাত হামরা রিকশাখান থুবা পারিহিন, রাস্তালা কি ফের আগের মতন দখল হয় যাবে? এইলা দেখিবার কি কেহ নাই?’দিনমজুর সুকলাল রায় একইভাবে আক্ষেপ করে বলেন, ‘রাস্তার জমিলা ধনী লোকলায় দখল করেছে। সরকারের জমির পর যত লোভ ওই ধনী লোকলারে। হামরা কাহা জমি দখল করি?’পীরগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র মকলেসুর রহমার বলেন, ‘আমি এ রকম মানসিকতা কোথাও দেখিনি। নিজের এত জমি ও গাড়ি-বাড়ি থাকার পরও সরকারের জমিতে ঘর তৈরি না করলে কি চলে না?’রাস্তার আশপাশের দোকানদার ও প্রতক্ষদর্শীরা জানান, টিঅ্যান্ডটি অফিসের উত্তরপ্রাচীর বরাবর সরকারি জমি ছেড়ে দিয়ে দখলকারীরা পিছিয়ে এসেছিলেন। পরিবার পরিকল্পনা বিভাগের স্যাকমো মো. আব্বাস আলী টিঅ্যান্ডটি কার্যালয়ের উত্তর সীমানার বিপরীতে পাকা রাস্তা ও রেললাইনের দুই থেকে তিন হাত ব্যবধানে পাকা গুদামঘরসহ কয়েকটি ঘর নির্মাণ করে ব্যবসা করছিলেন ব্যবসায়ী সুরুজ আলী। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজেই লোক দিয়ে ওই সব স্থাপনা ভেঙে ফেলেছিলেন। কিন্তু ১৮ এপ্রিল থেকে ওই ধ্বংসস্তূপের ওপর আবার ঘর তৈরি শুরু করেন সুরুজ মিঞা। পৌর কর্তৃপক্ষের মৌখিক বাধা উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত রাখায় ১৯ এপ্রিল পীরগঞ্জ পৌর কর্তৃপক্ষের নির্দেশে সেখান থেকে বাঁশ, কাঠ ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়। সুরুজ আলী বলেন, ‘আমার কাছে কাগজ আছে।’পীরগঞ্জ পৌরসভার মেয়র কশিরুল আলম বলেন, ‘আমি উপজেলা প্রশাসন ও জেলা পরিষদে অভিযোগ করেছি, স্থানীয়ভাবে প্রতিহত করার ব্যবস্থাও নিচ্ছি।’পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ইসহাক আলী বলেন, ‘জনসংখ্যা বাড়ছে, এখন দখল নয়, প্রয়োজনে নিজের জমি ছেড়ে দিয়ে নতুন প্রজন্মের সুবিধা করে দিতে হবে। অবৈধ দখল উচ্ছেদে আমি প্রশাসনকে সহযোগিতা দিতে প্রস্তুত।’ঠাকুরগাঁও জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মমতাজ আলী বলেন, ‘পীরগঞ্জে সরকারি জমি দখলের ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের মাধ্যমে অভিযোগ পেয়েছি এবং দখলকারীদের তালিকা প্রায় তৈরি হয়ে গেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’