পীরগঞ্জে আগুনে পুড়ে ২ জনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার পূর্ব সিন্দাগড় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন হেমন্ত কুমার (৭১) এবং তাঁর স্ত্রী শর্মিলা রায় (৫৮)।এলাকাবাসী জানায়, গতকাল রাত সাতটার দিকে পূর্ব সিন্দাগড় গ্রামের হেমন্ত কুমারের বাড়ির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূচনা। কয়েক মিনিটেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় গ্রামের ১৪টি বাড়ির ২৫টি ঘর। আগুনে পুড়ে নিজ বাড়িতে মারা যান হেমন্ত কুমার। আগুনে গুরুতর আহত হন তাঁর স্ত্রী শর্মিলা। তাঁকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তিনি চিকিত্সাধীন অবস্থায় রাত তিনটার দিকে মারা যান। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এনায়েত হোসেন জানান, হেমন্তের অগ্নিদগ্ধ লাশ তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজ জানান, চিকিত্সাধীন অবস্থায় রাত তিনটার দিকে শর্মিলার মৃত্যু হয়েছে। এদিকে এ ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রউফ মণ্ডল।