পীরগঞ্জে কাঁঠালের ভালো দাম পাচ্ছে না কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এবার কাঁঠালের ব্যাপক ফলন হলেও এর আকার তেমন বড় হয়নি। ফলে চাষিরা এবার কাঁঠাল বিক্রি করে আশানুরূপ লাভ পাচ্ছেন না। আকার ছোট হওয়ায় আশানুরূপ দামও পাচ্ছেন না কৃষক। আকৃতিভেদে বেশির ভাগ ক্ষেত্রেই প্রতিটি কাঁঠাল পাঁচ থেকে ১২ টাকায় বিক্রি হচ্ছে। নোহালী গ্রামের নাজির হোসেন জানান, তিনি প্রতি ১০০টি কাঁঠাল এক হাজার ৪০০ টাকা দরে বিক্রি করেছেন। তিনি ৩০০ কাঁঠাল বিক্রি করেন। অথচ গত বছর আকারে বড় হওয়ায় ১০০টি কাঁঠাল বিক্রি করেছিলেন এক হাজার ৮০০ টাকায়। ভেলাতৈড় গ্রামের মাজেদুল ইসলাম জানান, এবার তিনি ১০০টি কাঁঠাল এক হাজার ১০০ টাকা দরে বিক্রি করেছেন। কিন্তু গত বছর ওই সব গাছে ফলন যেমন বেশি হয়েছিল কাঁঠালের আকারও হয়েছিল অনেক বড়। ফলে দামও পেয়েছিলেন বেশি।কাঁঠাল ব্যবসায়ী মোবারক আলী, তফির উদ্দীন ও এনামুল হক জানান, তাঁরা এবার বিভিন্ন বাগান থেকে পাইকারি দরে কাঁঠাল কিনে ট্রাকযোগে কুমিল্লা, ফরিদপুর, ঢাকা, যশোর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। ব্যবসায়ীরা জানান, কাঁঠালের আকার ছোট হওয়ায় দাম নিয়ে কৃষকের সঙ্গে এবার বেশি দরকষাকষি করতে হচ্ছে। এ ছাড়া এসব ছোট আকারের কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেও অসুবিধা হচ্ছে। এবার মে মাসের তৃতীয় সপ্তাহ থেকেই এলাকায় কাঁঠাল পাঠানো শুরু হয়েছে এবং এখনো চলছে। উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, গাছে গাছে এখনো প্রচুর কাঁঠাল ঝুলছে। কাঁঠাল ব্যবসায়ীরা জানান, এখনো ৩০-৪০ শতাংশ কাঁঠাল আছে। এবার সময়মতো বৃষ্টি না হওয়া কাঁঠালের সাইজ বাড়েনি। জ্যৈষ্ঠ মাসে কয়েক দফা বৃষ্টিপাত হলে কাঁঠালের আকার বড় হয়। কিন্তু এখন কাঁঠালের পরিপক্বতা এসে যাওয়ায় আকারে বড় হওয়ার আর তেমন সময় নেই। এলাকাবাসী জানান, পীরগঞ্জের পানি, মাটি ও আবহাওয়া কাঁঠাল চাষের উপযোগী। এ এলাকায় প্রায় প্রতিটি বাড়িতেই একটা-দুটো কাঁঠালের গাছ পাওয়া যায়। কিন্তু এবার বাজারে কাঁঠালের তেমন ক্রেতা নেই। দামও নেই তেমন। উপজেলা কৃষি কর্মকর্তা সহিরউদ্দীন আহম্মদ বলেন, ‘কৃষি কর্মকর্তাদের পরামর্শে এলাকার অনেক চাষি গত কয়েক বছর থেকে কাঁঠাল চাষ করছে। আমাদের পরামর্শ অনুযায়ী যত্ন নেওয়ায় কাঁঠালের উৎপাদনও বহুগুণে বেড়েছে। এখন পীরগঞ্জ থেকে দেশের বিভিন্ন জায়গায় প্রচুর কাঁঠাল রপ্তানি হচ্ছে। কিন্তু এবার যথাসময়ে বৃষ্টি না হওয়ায় কাঁঠালগুলোর আকার তেমন বড় হয়নি।’