পীরগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা ব্যবস্থা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ আলহাজ মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে এবং দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১ মার্চ পীরগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে এক চক্ষু চিকিৎসা ও রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে পীরগঞ্জ ও আশপাশের উপজেলা থেকে আগত দুস্থ ও অতি দরিদ্র ৬৬৭ জন চোখের রোগীকে বিনা মূল্যে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়।তাঁদের মধ্যে চোখে আইওএল (ইন্ট্রা অকুলার লেন্স) স্থাপন করার জন্য ৮৪ জনকে বাছাই করা হয়। ট্রাস্টের সদস্য সচিব মো. ইমদাদুর রহমান জানান, দিনাজপুর গাউসুল আজম চক্ষু হাসপাতালে বাছাই করা এই ৮৪ জন রোগীর চোখে লেন্স স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। ট্রাস্ট কর্তৃপক্ষ বাছাই করা চোখের রোগীদের দিনাজপুর চক্ষু হাসপাতালে পৌঁছে দেওয়া এবং চোখে লেন্স স্থাপনের পর তাঁদের পীরগঞ্জে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন। ১ মার্চ পীরগঞ্জ পৌরসভা চত্বরে চক্ষু চিকিৎসা ও বাছাই ক্যাম্পের উদ্বোধন করেন ট্রাস্ট পরিচালনা কমিটির সভাপতি এ এম কামালউদ্দীন। এ সময় ট্রাস্টের চেয়ারম্যান মো. মুনিরউদ্দীন, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, পৌর মেয়র কশিরুল আলম, ইকরামুল হক, এম এ গফ্ফার, মো. ফয়জুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।